অস্ত্র-গুলি তদন্তে চট্টগ্রাম ও মহসীন কলেজের কমিটি
ক্যাম্পাস থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরক উদ্ধারের ঘটনা তদন্তে আলাদা কমিটি করেছে চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজ কর্তৃপক্ষ।
বুধবার ভোররাতে পুলিশের অভিযানে অস্ত্র-গুলি-বিস্ফোরক উদ্ধার এবং ইসলামী ছাত্রশিবিরের অর্ধ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর এই দুই কমিটি গঠন করা হয়।
চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদা ইসলামকে।
সরকারি এই কলেজের অধ্যক্ষ অধ্যাপক জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটিকে ঘটনা তদন্ত করে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলামকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে হাজী মোহাম্মদ মহসীন কলেজের একাডেমিক কাউন্সিলের সভায়।
কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ও শেরে বাংলা ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৭২ শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
এছাড়া দুই ছাত্রাবাসের পাশে কলেজ স্টাফ কোয়ার্টারে মাটির নিচে শিবিরের ব্যানারে মোড়ানো অবস্থায় পাওয়া যায় একে-২২ রাইফেলসহ নয়টি অস্ত্র, শাতধিক রাউন্ড গুলি ও পাঁচটি ফ্লেয়ার।
এরপর সকালে পাশে অবস্থিত মহসীন কলেজের ছাত্রাবাস ও এর আশেপাশে অভিযান চালায়। কলেজটির পেছনের গুহা থেকে আট শিবিরকর্মীকে আটক করা হয়।
মুহসীন কলেজের পুরনো ক্যান্টিনে বর্তমানে যুব রেডক্রিসেন্ট এবং বিএনসিসি নৌ শাথার কার্যালয় আছে। যুব রেডক্রিসেন্টের কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ হাতবোমা তৈরির সরঞ্জাম, পেরেক, বেয়ারিং পেয়েছে।
বিএনসিসি নৌ শাখার কার্যালয়ের সামনের নালার ভেতর থেকে চটের বস্তায় মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় কয়েকটি কিরিচ, বিস্ফোরক পদার্থ ও পেট্রোল। মহসীন কলেজের পেছনের অংশের পাহাড়ি এলাকা থেকেও হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ, গ্লাভস ও হেলমেট উদ্ধার করে পুলিশ।
নগরীর চকবাজার এলাকায় মুখোমুখি অবস্থিত সরকারি এই দুটি কলেজই দীর্ঘদিন ধরে শিবির নিয়ন্ত্রিত। বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের মধ্যে দুটি কলেজে অভিযান চালাল পুলিশ।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার পুলিশ অভিযান চালালেও এত পরিমাণ অস্ত্র আগে ধরা পড়েনি।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল সাংবাদিকদের বলেন, “এসব অস্ত্র রাখা এবং সাম্প্রতিক সময়ে নাশকতাকারীদের প্রশ্রয় দেওয়ার সাথে কলেজের শিক্ষকরাও যুক্ত থাকতে পারে।
এ বিষয়ে অধ্যক্ষ জেসমিন আক্তার বলেন, “বিষয়টি তদন্তের দায়িত্ব পুলিশের। উনারা তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন আশা করি।”
মহসীন কলেজের অধ্যক্ষ বলেন, “নজরদারি বাড়ানো হবে যাতে ছাত্রাবাসে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে। এছাড়া নিরাপত্তাকর্মীদের নজরদারি বাড়াতে বলা হয়েছে। ছাত্রাবাস দুটি খোলাই রাখা হয়েছে।”
মহসীন কলেজের গুহা থেকে যে আট শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ, তাদের মধ্যে একজন কলেজের শিক্ষার্থী নন।
২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালে চট্টগ্রাম নগরীতে প্রায়ই হাতবোমা ও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটছে। এতে জামায়াত-শিবিরের জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে বিভিন্ন সময়।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাহাড়ি এলাকায় যেসব উপকরণ পাওয়া গেছে, তাতে নিশ্চিত এখানে ককটেল বানানো হত। নিরাপত্তার জন্য তারা গ্লাভস ও হেলমেট ব্যবহার করত।”
