২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই কলেজে অস্ত্র-বারুদ, ৮১ শিবিরকর্মী আটক

ছাত্র শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের চারটি ছাত্রাবাস ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি-বিস্ফোরকসহ ৮২ জনকে আটক করেছে পুলিশ, যাদের আট জনকে পাওয়া যায় পাহাড়ের গুহায়।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 10:32 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

পুরনো খবর:

অস্ত্র-গুলি তদন্তে চট্টগ্রাম ও মহসীন কলেজের কমিটি
পাহাড়ের গুহায় মিলল ৮ শিবির কর্মী
শিবির ‘নিয়ন্ত্রিত’ ছাত্রাবাসে অভিযান, রাইফেলসহ ৯ আগ্নেয়াস্ত্র উদ্ধার

পুলিশ বলেছে, আটকদের ৮১ জন শিবিরের নেতাকর্মী; অপরজন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক।

মঙ্গলবার রাত ২টা থেকে বুধবার বিকাল ৪টা পর্যন্ত এই দুই সরকারি কলেজের ছাত্রাবাসে যৌথ অভিযান চালায় থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে চট্টগ্রাম কলেজ থেকে ৭২ জন, মহসিন কলেজ থেকে নয়জন এবং সংলগ্ন ফেডারেশনের অফিস থেকে অপরজনকে আটক করা হয়।

আটক শিবিরকর্মীদের অধিকাংশই উভয় কলেজের শিক্ষার্থী। কয়েকজন বহিরাগত শিবিরকর্মীও রয়েছেন।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত চট্টগ্রাম কলেজের সোহারাওয়ার্দী ও শেরে বাংলা ছাত্রাবাসে অভিযান চালিয়ে মোট ৭২ শিবিরকর্মীকে আটক করা হয়।

ওই অভিযানে ছাত্রাবাসের পাশে চট্টগ্রাম কলেজ স্টাফ কোয়ার্টার এলাকায় একটি গর্তে দেলওয়ার হোসাইন সাঈদীর মুক্তির ব্যানার দিয়ে মোড়ানো আবস্থায় একে-২২ রাইফেলসহ নয়টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- একটি থ্রি নট থ্রি রাইফেল, তিনটি পিস্তল, তিনটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক এবং প্রায় ১০০ রাউন্ড গুলি ও পাঁচটি রকেট ফ্লেয়ার।

অন্যদিকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহসিন কলেজের ‘মহসিন মুসলিম ছাত্রাবাস’ ও নতুন ছাত্রাবাস এবং সংলগ্ন দুর্গম পাহাড়ে অভিযান চলে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, মহসিন কলেজের ছাত্রাবাসে কাউকে পাওয়া না গেলেও পেছনের একটি পাহাড়ের প্রায় ১০০ ফুট গভীরের একটি গুহা থেকে আটজনকে আটক করা হয়। এদের সাতজন ওই কলেজের এবং একজন অপর একটি কলেজের শিক্ষার্থী।

গুহা থেকে আটকরা হলেন- নাজমুল সাকিব,  জসিম উদ্দিন, নাসির উদ্দিন, মীর শাহরিয়ার শাহাদাৎ, মো. ইসমাইল, মো. শামসুদ্দিন,  মো. সারওয়ার ও মো. ফরহাদ।

এদের মধ্যে ফরহাদ শহরের হাজেরা তজু ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী। বাকিরা মহসিন কলেজের স্নাতক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বর্ষের ছাত্র।

এছাড়া কলেজের নতুন ছাত্রাবাস থেকে আজিজুল হক রুবেল নামে উচ্চ মাধ্যমিকের এইচএসসি প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে আটক করা হয়।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা জানান, কলেজ সংলগ্ন জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালিয়ে সংগঠনের বায়তুল মাল সম্পাদক আবদুল ওয়াদুদকে (৬০) আটক করা হয়।

ওই কার্যালয় থেকে জামায়াতের গঠনতন্ত্র, যুদ্ধাপরাধে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর কয়েকটি বইসহ বিভিন্ন সাংগঠনিক কাগজপত্র পাওয়া যায় বলে জানান তিনি।

দীপক জ্যোতি খীসা জানান, মহসিন কলেজের বিভিন্ন পাহাড় ও কলেজের পুরনো কেন্টিন থেকে পেরেক, বিয়ারিংসহ হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আর বিএনসিসি নৌ-শাখার কার্যালয়ের সামনের একটি নালায় বিভিন্ন স্থানে কয়েকটি চটের বস্তা মোড়ানো অবস্থায় পাঁচটি কিরিচ, বিস্ফোরক দ্রব্য ও পেট্রোল পাওয়া যায়।

এই ভবনের পাশে পাহাড়ি এলাকা থেকেও হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ, গ্লাভস ও হেলমেট উদ্ধার করে পুলিশ।

সহকারী কমিশনার (বন্দর) ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্য আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাহাড়ি এলাকায় যেসব উপকরণ পাওয়া গেছে তাতে নিশ্চিত এখানে ককটেল বানানো হতো। বোমা তৈরির সময় নিরাপত্তার জন্য তারা গ্লাভস ও হেলমেট ব্যবহার করতেন।”

গোয়েন্দা তথ্যে অভিযান

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগেও চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে ধারালো অন্ত্র ও বিস্ফোরক পাওয়া গিয়েছিল। সে ভিত্তিতে আমরা কলেজ দুটিতে গোয়েন্দা নজরদারি বাড়াই।”

তিনি বলেন, “আমাদের কাছে সংবাদ আসে গত সপ্তাহে কলেজে একটি বড় অস্ত্রের চালান এসেছে। সে সংবাদের ওপর ভিত্তি করে গত তিনদিন ধরে আমরা কলেজ দুইটিতে রেকি করেছিলাম এবং মঙ্গলবার রাত ২টার দিকে অভিযান শুরু করি।”

পুলিশ কর্মকর্তা রউফ বলেন, কলেজ দুইটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত হওয়ায় প্রশিক্ষণ দিতে অস্ত্রগুলি আনা হয়েছিল। এছাড়া কলেজটিতে লুকানোর জায়গাও বেশি।

সাম্প্রতিক সময়ে নগরীতে নাশকতাকারীদের একটি বড় অংশ কলেজ দুটিতে আশ্রয় নিয়ে থাকে বলেও পুলিশের দাবি।

পুলিশ কর্মকর্তা রউফ জানান, শিক্ষা প্রতিষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনী প্রবেশে সীমাবদ্ধতা থাকে। সে সুযোগ নিয়েই শিবিরকর্মীরা সেখানে জড়ো হয়।

‘শিক্ষকও যুক্ত থাকতে পারে’

বুধবার সকালে মহসিন কলেজে অভিযান চলাকালে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল সাংবাদিকদের বলেন, একে-২২ রাইফেল একটি মারাত্মক অস্ত্র। এটা সাধারণত সেনাবাহিনীর কাছে থাকে। এটা বাইরের কারও কাছে থাকার কথা নয়।

এছাড়া চট্টগ্রাম কলেজ থেকে উদ্ধার হওয়া উদ্ধার হওয়া রকেট ফ্লেয়ারগুলো যুদ্ধের সময় দিক নির্দেশনার জন্য সেনাবাহিনী ব্যবহার করে বলেও জানান তিনি।

পুলিশ কমিশনার জলিল মন্ডল বলেন, “পুরো কলেজটি ক্যান্টনমেন্টের মত অবস্থা করে রেখেছে। এই অবস্থায় কোন শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না।”

এসব অস্ত্র রাখার সঙ্গে শুধু ছাত্ররা জড়িত নয়, এর সঙ্গে একশ্রেণির শিক্ষক জড়িত থাকতে পারে বলে ধারণা সিএমপি কমিশনারের।

তিনি বলেন, হোস্টেলের ভেতর অস্ত্র লুকিয়ে রাখে শিক্ষকরা তা জানছে না এটা কখনও হতে পারে না। তদন্তে যাদের নাম উঠে আসবে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।

পৃথক তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম ও মহসিন কলেজে অভিযানে ৮২ জনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ অধ্যাপক জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদা ইসলামকে প্রধান করে করা ছয় সদস্যের কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অপরদিকে মহসিন কলেজ থেকে নয়জনকে আটকের ঘটনায় ছয় সদস্যের আরও একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক অঞ্জন নন্দী জানান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে চট্টগ্রামে প্রায়ই ককটেল ও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে আসছে।

মুখোমুখি অবস্থিত নগরীর শীর্ষ দুই সরকারি কলেজ চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ এবং ছাত্রাবাসগুলো দীর্ঘদিন ধরে শিবিরের দখলে রয়েছে। সাম্প্রতিক সময়ে বেশকয়েকবার পুলিশের পক্ষে কলেজ দুটিতে অভিযান চালানো হলেও এতো পরিমাণ অস্ত্র ও শিবিরকর্মী ধরা পড়েনি।

সিএমপি’র অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল কলেজ দুটির ছাত্রাবাসে নাশকতার জন্য সন্ত্রাসীরা জড়ো হয়েছে এবং অস্ত্রশস্ত্র জড়ো করেছে।”