ফটিকছড়িতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বুধবার রাতে উপজেলার সমিতির হাট ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে
ফটিকছড়ি থানার ওসি মো. মফিজ উদ্দিন জানিয়েছেন।
গ্রামবাসীর বরাত দিয়ে তিনি বলেন, ডাকাতি ঠেকাতে প্রতিরাতেই ওই এলাকার বাসিন্দারা পালা করে পাহারায় থাকেন।
“বুধবার রাত সাড়ে ৩টার দিকে একদল ডাকাত এলাকার একটি বাড়ির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করলে টের পেয়ে পাহারায় থাকা লোকজন তাদের ধাওয়া করে।
“এসময় ডাকাতদলের অন্যরা পালিয়ে গেলেও ওই ব্যক্তিকে ধরে পিটুনি দেন গ্রামবাসী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
