চট্টগ্রামে ভোটে ‘থাকছেন’ বিএনপির কাউন্সিলররা
সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপির শীর্ষ নেতৃত্ব সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও চট্টগ্রামে প্রার্থী হতে মুখিয়ে আছেন দলটির বর্তমান কাউন্সিলররা।
এতোদিন এ বিষয়ে ‘উচ্চ-বাচ্য’ না করলেও তফসিল ঘোষণার পর মুখ খুলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) বিএনপি সমর্থিত অধিকাংশ ওয়ার্ড কাউন্সিলর।
চট্টগ্রামে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতানেত্রীরাও নির্বাচনে অংশ নিতে আগ্রহের কথা জানিয়েছেন।
বিএনপির কাউন্সিলররা বলছেন, গত পাঁচ বছর ‘এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকায়’ নির্বাচনে তাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি।
দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে সরাসরি ‘না’ বলেনি।
২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে ২০টিতেই বিএনপি-জামায়াত সমর্থিত কাউন্সিলররা বিজয়ী হন।
এছাড়া সংরক্ষিত ১৪টি নারী কাউন্সিলর পদের মধ্যে দুটিতে জয়ী হন বিএনপি সমর্থিত প্রার্থী।
এই ২২ জনের মধ্যে ছয় জন কাউন্সিলরের বিরদ্ধে নগরীর বিভিন্ন থানায় নাশকতা ও সহিংসতার মামলা আছে। মামলা থাকা পাঁচ জন কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
বাকিদের মধ্যে ১২ জনের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়।
তারা সবাই নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন। এদের মধ্যে দলের পদে থাকা দুই জন শুধু দলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলেছেন।
মামলার আসামি এক কাউন্সিলরও প্রয়োজনে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নির্বাচনে প্রার্থী হতে চান।
বুধবার দুপুরে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করোপরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
তফসিল অনুসারে আগামী ২৮ এপ্রিল তিন সিটিতে ভোট হবে। মেয়র ও কাউন্সিলর পদে লড়তে আগ্রহীরা আগামী ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
৫ নম্বর মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ বছর পরিবারকে সময় দিলাম না। নিজের জন্য কিছুই করলাম না। এখন যদি নির্বাচনে বিরত থাকতে বলে তাহলে কেমন লাগে বলেন?”
নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে নগর বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক আজম বলেন, “স্থানীয় পর্যায়ে কোনো আওয়ামী লীগ-বিএনপি নাই। এটা মেয়র পদের বিষয়ে বিবেচ্য হতে পারে। এলাকার মানুষ চায় আমি নির্বাচন করি।”
নাশকতার অভিযোগে একাধিক মামলা থাকলেও নির্বাচনে লড়াই করে জনপ্রিয়তা যাচাইয়ে মুখিয়ে আছেন নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম।
পাহাড়তলি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম বলেন, “এতোদিন যে কাজ করেছি তার প্রতিফলন তো ভোটেই দেখতে চাই।
মনোনয়নপত্র জমা দিতে আরও ১০ দিন সময় পাচ্ছেন জানিয়ে সে পর্যন্ত দলীয় সিদ্ধান্ত দেখার কথা বলেছেন নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হক।
যে নির্দেশই আসুক, সিদ্ধান্ত নিজেরাই নেবেন বলে জানান বিএনপির এই কাউন্সিলর।
“দেখি আল্লাহ কী করে। দল বিষয় না। আমি পারিবারিকভাবে সিদ্ধান্ত নেব। যে অবস্থায় আছি তাতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি,” বলেন তিনি।
বাকলিয়া থানা বিএনপির সহসভাপতি ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর জাফরুল ইসলামের কণ্ঠেও একই সুর শোনা যায়।
দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তার কথা বললেও তার কাছে বেশি গুরুত্ব পাচ্ছে ‘জনগণের চাওয়া’।
“জনগণের ওপর অনেক কিছু নির্ভর করে। নির্বাচনী ওয়াদা পূরণ করেছি, তাই জনগণের প্রচুর চাপও আছে,” বলেন জাফরুল।
১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব বলেন, “এলাকার উন্নয়নে দলমত ফ্যাক্টর না। আমি প্রস্তুত আছি। দলের মহানগর নেতাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। সংকেত পেলেই প্রার্থী হব।”
নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড় ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ইয়াছিন চৌধুরী।
“পার্টির সিদ্ধান্ত পার্টি নেবে। আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা অবশ্যই নির্বাচন করব।”
দলের বিষয় ভাবতে গেলে ‘এলাকার মানুষ বঞ্চিত হতে পারে’ বলে মন্তব্য করেছেন ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ডে চারবার নির্বাচিত বিএনপি নেতা আবদুল মালেক।
তিনি বলেন, “এলাকায় অনেক গরীব মানুষ আছে। তাদের অনেক কাজ করতে হয়। এখন দল দেখতে গেলে জনসাধারণ বিপদে পড়বে। এলাকাবাসীকে নিয়েই আমার দিন-রাত। অবশ্যই দাঁড়াব।”
বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খাঁন।
তিনি বলেন, “দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দলের মাধ্যমেই সবাই আমাকে চেনে। দল করি বলে নির্বাচিত হয়েছি। দলের বাইরে গিয়ে নির্বাচন করা ঠিক হবে না।”
নগরীর ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর হাসান মুরাদ বলেন, “স্থানীয়ভাবে চাপ আছে। আপনারা তো সবই জানেন। দলের পদে আছি। এখন বাকিটা দলের সিদ্ধান্তের ব্যাপার। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।”
পতেঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি ও ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গার কাউন্সিলর নুরুল আবছার বলেন, “দলের সিদ্ধান্ত কোনো বিষয় না। তবে আমি এখনও সিদ্ধান্ত নেইনি। কয়েক দিন দেখে তারপর জানাব।”
জাতীয়তাবাদী মহিলা দলের নগর কমিটির সভানেত্রী ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মণির নির্বাচনের ইচ্ছা থাকলেও তিনি দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বলে জানান।
আরেক নারী কাউন্সিলর মহিলা দলের সহ-সভাপতি আরজু শাহাবুদ্দিন বলেন, দলের অনেক কাউন্সিলরের সাথে নিয়মিত কথা হয়। তারা অধিকাংশই নির্বাচন করতে চান।
“জনগণ চাইলে আমিও নির্বাচন করব।”
মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা নগরীর ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে এবং যুবদলের যুগ্ম সম্পাদক শেখ রাসেল ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।
