২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ফেনী সদরে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 04:14 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, বুধবার ভোরে বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের একটি বাড়ি থেকে মো. মমিনুল হক লিটনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লিটন বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের এবাদুল হকের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনির হত্যা মামলার আসামি বলে জানান তিনি।

মেজর মোজাম্মেল আরও বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার করে দুপুরে তাকে ফেনী মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়।

গত বছরের ৫ অগাস্ট সন্ধ্যায় বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনিরকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

লিটন ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানান র‌্যাব কর্মকর্তা মেজর মোজাম্মেল।