২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবলীগ নেতাসহ আটক ৪, পিস্তল উদ্ধার

ইউপি চেয়ারম্যান ও গৌরনদী পৌর মেয়রের পক্ষের সংঘর্ষের পর বরিশালে ওই চেয়ারম্যানের ভাইসহ চার জনকে আটক করেছে র‌্যাব।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 10:35 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

পুরনো খবর:

বরিশালে ঠিকাদারি কাজ নিয়ে সংঘর্ষ

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্লা গ্রামে এ অভিযানে গুলিভর্তি একটি পিস্তলও উদ্ধার হয়।

আটকরা হলেন গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য সৈলিল গুহ পিন্টু, তার সহযোগী দীপক নন্দী, আবু সাঈদ ও শিপন।

এদের মধ্যে পিন্টু মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই।

র‌্যাব-৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন খবর পেয়ে র‌্যাবের একটি টিম বিল্লা গ্রামে অভিযান চালায়।

এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চার জনকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করার সময় পিন্টুর কাছে ছয় রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার হয় বলে জানান ক্যাপ্টেন আবুল বাশার।

চার কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণের ঠিকাদারি কাজ নিয়ে মঙ্গলবার দুপুরে মাহিলাড়ায় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও পৌর মেয়র হারিছুর রহমানের সমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষ হয়।

ভাংচুর করা হয় ইউনিয়ন পরিষদ কার্যালয়, মাহিলাড়া ডিগ্রি কলেজসহ বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানে।

পরে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়।