২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে ব্যাগের ভেতর মৃত শিশুটির পরিচয় মিলল

রাজধানীর বনানীর কাকলীতে একটি বাসের মধ্যে ট্রাভেল ব্যাগের ভেতরে পাওয়া মৃত শিশুটির পরিচয় মিলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 07:03 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

শহীদুল ইসলাম ইমন (৬) গাজীপুরের জয়দেবপুরের মোঘল খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

তার বাবা কাঁচামালের ব্যবসায়ী আফতাব উদ্দিন। দুই ভাই এক বোনের মধ্যে ইমন সবার ছোট ছিল।

রোববার বিকালে মোঘল খানপুরের বাসা খেকে ইমন নিখোঁজ হয় বলে তিনি জানান।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে ছেলের লাশ সনাক্ত করে আফতাব সাংবাদিকদের বলেন, ইমন নিখোঁজ হওয়ার পর  তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

তিনি বলেন, “রোববার রাতে বাডিওয়ালার ছেলে শাকিল মোবাইল ফোনে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার বিষয়টিও পুলিশকে জানানো হয়েছে।”

বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান জানান, সোমবার বিকালে আব্দুল্লাহপুর থেকে দেশ বাংলা পরিবহনের একটি বাস ঢাকার কাকলী বাসস্টপ পেরুনোর পর বাসের পেছনে মালিকবিহীন কালো রঙের একটি ট্রাভেল ব্যাগ খুলে ওই শিশুর লাশ পায় চালকের সহকারী।

পরিচয়হীন শিশুটির লাশ মর্গে রাখার পর ইমনের বাবা মঙ্গলবার থানা হয়ে হাসপাতালে এসে ইমনের লাশ শনাক্ত করে।

চালকের সহকারী বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শাহিনুর বলেন, উত্তরা থেকে চারজন লোক একটি ব্যাগ নিয়ে উঠে বাসের পেছনে বসে। ওই যাত্রীরা কখন ও কোন স্টপেজে নেমে যায় তা সে জানাতে পারেনি।

বাসের চালক ও তার সহকারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।

দেশ বাংলা পরিবহনের বাসটি আবদুল্লাহপুর থেকে গাবতলী রুটে চলাচল করে

পুরনো খবর:

বাসের মধ্যে ট্রাভেল ব্যাগে শিশুর লাশ