২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা-ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

পরস্পর যোগসাজশে এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ বাদী হয়ে বায়েজিদ থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চট্টগ্রাম সেনানিবাস শাখার সাবেক ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন (৫৯) এবং নগরীর চাক্তাই এলাকার ব্যবসায়ী মো. সামছুল আলম (৬৫)।

বায়েজিদ থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনা জামানতে ব্যাংকের ১ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ৬১৮ টাকা তুলে আত্মসাতের অভিযোগে মামলাটি হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ১৯৯২ সালে সামছুল আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান মের্সাস সামছুল আলমের একটি চলতি হিসাব খোলা হয় রূপালী ব্যাংকের সেনানিবাস শাখায়। ১৯৯৩ সালের জুন মাস থেকে ব্যাংকের সেসময়ের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ঋণের কোনো দরখাস্ত ছাড়াই সামছুল আলমকে ওভারড্রাফট মূলে টাকা দেওয়া শুরু করেন।

১৯৯৪ সাল পর্যন্ত ছয়টি চেকের বিপরীতে মোট ২ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকা তুলে সামছুল আলম ১ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ৬১৮ টাকা আর পরিশোধ করেননি বলে এজাহারে বলা হয়।