কোরিয়ান ইপিজেডের এমডির বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ
চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান নাসিরের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
‘আনোয়ারা-কর্ণফুলী জনস্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদের’ ব্যানারে সোমবার সকাল থেকে ইপিজেডে ছয়টি প্রবেশপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
আন্দোলনের অন্যতম নেতা স্থানীয় বড় উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জায়গা অধিগ্রহণের নামে কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষ স্কুল ও স্থানীয়দের কবরস্থানের জায়গা দখল ও পাহাড় কাটছে।
তাদের দাবি, “চুক্তি অনুযায়ী ২৪’শ ৬৯ একর এলাকায় পাহাড় ও টিলা না কেটে শিল্পাঞ্চল করার কথা থাকলেও প্রায় ২০ বছরেও শিল্পাঞ্চল গড়ে না উঠলেও পাহাড় ও টিলা কেটেছে কর্তৃপক্ষ।”
তিনি বলেন, হাসান নাসিরের অপসারণ না হওয়া পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর এই আন্দোলন চলবে।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, ৯৭ সালে কোরিয়ান ইপিজেড গড়ে তোলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্তম্ভ, পাশ্ববর্তী দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে স্কুলটির জায়গা দখল করেছে ইপিজেড কর্তৃপক্ষ।
তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেয়াং স্কুল কর্তৃপক্ষ মাঠ সংস্কার করতে চাইলে তাতে বাধা দিয়ে নিজস্ব বাহিনী দিয়ে শহীদ মিনার ভাংচুর করে কেইপিজেড কর্তৃপক্ষ।
এছাড়া স্থানীয়দের চলাচলেও বাধা দেয়াও হচ্ছে এবং স্থানীয় ৭৫ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বলেও অভিযোগ করেন মান্নান।
এবায়দুর রহমান রোকন নামে প্রতিষ্ঠানটির সাবেক এক নিরাপত্তা তত্ত্বাবধায়ক অভিযোগ করেন, ২০০১ সাল থেকে তিনি সেখানে কাজ করে আসছিলেন। কিন্তু গত বছরের ২৫ মে বিনা নোর্টিশে তাকে চাকুরিচ্যুত করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, তাদের পারিবারিক কবরস্থানের জায়গা কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষ দখল করে নিয়েছে।
গত বছরের ২৫ মে তার বাবা-মারা যাওয়ার পর ওই কবরস্থানে দাফন করায় তাকে চাকরিচ্যুত করা হয় বলেও অভিযোগ এবায়দুরের।
আন্দোলনের দাবিগুলোর মধ্যে আছে- চলাচলের রাস্তা, কবরস্থান, খেলার মাঠ কেইপিজেডের আওতামুক্ত রাখা, ভূমি অধিগ্রহণ করার সময় উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুর্নবাসন, অধিগ্রহণ করা অব্যহৃত জমিগুলো মালিকদের ফেরত দেওয়া।
কর্মরত স্থানীয় শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ ও চাকুরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল করারও দাবি তাদের।
এদিকে এসব অভিযোগের ভিত্তিতে কোরিয়ান ইপিজেডে এমডি হাসান নাসিরের বক্তব্য পাওয়া যায়নি।
তবে তারা বিভিন্ন সময়ে এলাকাবাসীর এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রশাসনের পক্ষ থেকে ওইসব এলাকায় কবরস্থানসহ বিভিন্ন এলাকা সুনির্দিষ্ট করে দিয়ে তাদের জায়গা বুঝিয়ে দেওয়া হয়।
তারপরও স্থানীয় দুই ইউপি চেয়ারম্যানের ইন্ধনে এলাকাবাসী কেইপিজেডের সংরক্ষিত এলাকার জায়গা অবৈধভাবে কবরস্থানের নাম দিয়ে দখল করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।
কেইপিজেড কর্তৃপক্ষ প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়েও কোন সমাধান পাননি বলেও তারা জানায়।
