২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেইপিজেডের জমি দখলের অভিযোগ

স্থানীয় প্রভাবশালীরা চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের জায়গা অবৈধভাবে দখলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 09:53 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

প্রশাসনকে বারবার চিঠি দিয়েও এর প্রতিকার না হওয়ায় এই রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

রোববার দুপুরে কেইপিজেডে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক হাসান নাসির।

তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত কেইপিজেডের চারটি স্পটে কবরস্থানের নাম করে স্থানীয় কিছু সন্ত্রাসীকে দিয়ে প্রায় ১১ একর জমি অপদখলের চেষ্টা চলছে।

জমি দখলের এই কাজে স্থানীয় বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নওয়াব আলী মদদ দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

হাসান নাসির বলেন, স্থানীয়রা গত ২১ ও ২৮ ফেব্রুয়ারি এবং ৫ ও ৬ মার্চ ইপিজেডের চারটি স্পটে কবরস্থানের নাম করে জায়গা দখলে নিয়ে সীমানা বেঁধে দেয়। এছাড়া ২৮ ফেব্রুয়ারি কেইপিজেডে ২ নম্বর গেইট দখলে নেয় তারা।

এখনো পর্যন্ত গেইটটি বেদখলে রয়েছে জানিয়ে হাসান নাসির বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাশালীরা কেইপিজেডের বিরুদ্ধে আশেপাশের এলাকার লোকদের খেপিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

১৯৯৯ সালে ভূমি অধিগ্রহণের সময় কেইপিজেড এলাকার ভেতরে থাকা কবরস্থানের জায়গা বাদ দিয়ে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় প্রশাসন।

তবে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কেইপিজেড কর্তৃপক্ষকে পুরো জায়গার নামজারি সম্পন্ন করা হয়নি। 

কেইপিজেড এলাকার ভেতরে থাকা এসব কবরস্থানের আশেপাশে জায়গা বাড়ানো নিয়েই স্থানীয়দের সাথে কর্তৃপক্ষের দ্বন্দ্ব হচ্ছে। 

সীমানা বাড়ানোসহ নানা ইস্যুকে উসকে দিয়ে স্থানীয় দুই ইউপি চেয়ারম্যান স্থানীয়দের নিয়ে কেইপিজেডের পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে ১১ দফা চিঠি দিয়েও কোন সমাধান আসেনি জানিয়ে তিনি বলেন, এ সুযোগে স্বার্থান্বেষী মহল ফায়দা লোটার চেষ্টা করছে, এতে করে উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে। 

এছাড়া স্থানীয় লোকজন কেইপিজেডের সংরক্ষিত এলাকায় যখন তখন প্রবেশ করে নিরাপত্তা বিঘ্নিত করছে বলে অভিযোগ করেন তিনি।

সাবেক সেনা কর্মকর্তা হাসান বলেন, “বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতেই এ ষড়যন্ত্র চলছে। এতে করে বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

অবৈধ দখলের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে কেইপিজেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) সাদিন তৈয়বও বক্তব্য রাখেন।

১৯৯৯ সালের ৩ অগাস্ট কোরিয়ান ইপিজেডের জন্য আনোয়ারা ও পশ্চিম পটিয়া এলাকার দুই হাজার ৪৯২ একর জমি অধিগ্রহণ করা হয়।

ইপিজেড কর্তৃপক্ষ জানায়, এর মধ্যে এক হাজার ১৬৫ একর শিল্পকাজে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে।

বর্তমানে কেইপিজেডে ইয়ংওয়ান করপোরেশনের আর্ন্তজাতিক মানের চারটি কারখানা চালু রয়েছে, যাতে কাজ করছে প্রায় নয় হাজার শ্রমিক কর্মচারী।

এদের ৯০ শতাংশই স্থানীয় আনোয়ারা ও পটিয়া উপজেলার বলে জানানো হয়।