২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু ‘অপহরণকারী’ নারীকে পিটুনি

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এক নারীকে ধরে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 04:57 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

জয়দেবপুর থানার এসআই এনামুল হক জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিটি করপোরেশনের খাইলকুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নারীকে (৩৫) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এসআই জানান, খাইলকুর এলাকার নবদূত কিন্ডারগার্টেনের সামনে থেকে ১ম শ্রেণির ছাত্রী তামান্না আক্তারকে (৬) ভুলিয়ে নিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করে স্থানীয়রা।

এ ঘটনায় দুপুরে তামান্নার চাচা হারুন অর রশীদ জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।

তামান্নার চাচা হারুন অর রশীদ জানান, সকালে তামান্না স্কুলে যাচ্ছিল। এ সময় তাকে চকোলেট ও ডায়েরি দেওয়ার কথা বলে স্কুলের সামনে থেকে নিয়ে যাচ্ছিল তিন নারী।  

খবর পেয়ে দ্রুত গিয়ে তামান্নাসহ একজনকে ধরতে পারলেও তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে আটক করে পিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।