মেয়ের প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মেয়ের প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কথিত এক পীরের বিরুদ্ধে।
রোববার বিকালে তামাই গ্রামে এ ঘটনায় নিহত জয় হোসেন (২৪) ওই গ্রামের মোমিন মোল্লার ছেলে।
এ ঘটনায় সোমবার বেল্লাল হোসেন (৫৫) নামের কথিত ওই পীরকে আটক করেছে পুলিশ।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে জানান, তামাই গ্রামের কথিত পীর বেল্লাল হোসেনের বাড়িতে তার অনুসারীরা দীর্ঘদিন ধরে নিয়মিত আড্ডা দিত। এক পর্যায়ে অনুসারী জয়ের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি জানতে পেরে বেল্লাল রোববার বিকালে জয়কে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে তার অবস্থা খারাপ হয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে তাকে পুলিশে সোপর্দ করেন বিল্লাল।
পুলিশ গুরুতর আহত অবস্থায় জয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে জয়ের মৃত্যু হয় বলে জানান ওসি আনিসুর।
