চট্টগ্রামে দোকানে ঢুকে ২ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা
চট্টগ্রামের নগরীর একটি দোকানে হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
তারা দোকানের এসি-ফ্রিজসহ বিভিন্ন মালামাল ও একটি প্রাইভেটকার ভাংচুর করে।
রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে খুলশী থানার লালখান বাজার এলাকায় এসি বাজার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক প্রতিষ্ঠানে
এঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মচারী মিথুন সরকার (২৫) ও ইমতিয়াজ আহমেদ ফয়সাল (৩০) আহত হয়েছেন।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসি বাজার নামের বিক্রয় কেন্দ্রটি ইমরান গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
ইমরান গ্রুপের চেয়ারম্যান মো. জুনাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীরা আমার দুই কর্মচারীকে কুপিয়েছে। দোকানের সামনে রাখা আমার গাড়িও ভাংচুর করেছে।
কারা, কেন হামলা চালিয়েছে জানতে চাইলে জুনাব আলী বলেন, “তাদের দেখলে চিনব। কারা সেটা এখন আপনাকে বলতে পারব না।”
ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই মনির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার স্টেশন রোড এলাকা থেকে কয়েকজন যুবক এসি বাজারের একটি গাড়িতে করে অক্সিজেন এলাকায় যেতে চায়।
হরতালে গাড়ি না পাওয়ায় ওই যুবকরা এসি বাজারের গাড়িটি জোর করে নিতে চাপ দেয়। গাড়ির চালক গাড়ি নিয়ে লালখান বাজার আসছিল। সে কোনোভাবের অক্সিজেন যেতে রাজি হয়নি। এ নিয়ে পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মধ্যস্থতাও করে দেন।
এসআই মনির বলেন, “দোকান মালিকের ধারণা, ওই ঘটনার জেরেই হামলা হয়েছে। আমার তদন্ত করে দেখছি। দুইজন হামলায় আহত হয়েছেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে।
