৭ খুন ও ত্বকী হত্যাকাণ্ডের অভিযোগপত্র শিগগিরই: প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে আলোচিত হত্যাকাণ্ডের দুই মামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এই দুই মামলা হচ্ছে স্কুলছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনের হত্যাকাণ্ড।
রোববার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় নৌবাহিনী পরিচালিত ‘ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড’ থেকে কোস্টগার্ডের জন্য দুটি টহল বোট হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলোচিত এই দুই মামলার তদন্ত নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।
ফাইল ছবি
ত্বকী হত্যামামলার বিষয়ে তিনি বলেন, “আমি মনে করছি, র্যাব শিগগিরই তদন্ত রিপোর্ট দেবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচিত হবে এবং অপরাধীদের চিহ্নিত করে জনগণের সামনে উপস্থাপিত করতে পারব।”
নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের নেতা ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক রফিউর রাব্বির স্কুলপড়ুয়া ছেলে ত্বকীকে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি অপহরণের দুই দিন পর শীতলক্ষ্যা নদী সংলগ্ন খালে তার লাশ পাওয়া যায়।
ত্বকীর বাবা এই হত্যাকাণ্ডের জন্য নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারকে দায়ী করে আসছেন। র্যাব এই হত্যামামলাটি তদন্ত করছে।
ত্বকী হত্যাকাণ্ডের তদন্ত সংস্থা র্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেই সাত খুনে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই কর্মকর্তাদের একজন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।
প্রতিমন্ত্রী কামাল বলেন, “সাত খুনের ঘটনায় জড়িতরা চিহ্নিত হয়েছে। খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।”
সাত খুন: নদী থেকে তোলা হচ্ছে লাশ
২০১৪ সালের ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দনসহ সাতজনকে তুলে নেওয়ার তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। এই হত্যামামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নারায়ণগঞ্জের কাউন্সিলর নূর হোসেনের বিরুদ্ধে র্যাবকে ঘুষ দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে। তিনি ভারতে পালিয়ে গিয়ে সেখানে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের কারাগারে রয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “নূর হোসেনকে দেশে ফেরত আনার জন্য ভারত সম্মতি দিয়েছে। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তাকে যে কোনো সময় দেশে ফেরত আনা হবে।”
