স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যা: বিক্ষুব্ধ এলাকাবাসী
শরীয়তপুরের জাজিরা উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।
এ ঘটনার প্রতিবাদে রোববার জাজিরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
এরপর তারা উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।
জাজিরার ছোট মুলনা গ্রামের আলী আজগর খানের মেয়ে জাজিরা গার্লস হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী চাঁদনী আকতার হেনা গত বুধবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। শুক্রবার বিকালে তার লাশ পাওয়া যায়।
রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাজিরা উপজেলার মহর আলী মডেল উচ্চ বিদ্যালয়, আবদুল রাজ্জাক উচ্চ বিদ্যালয়, বিলাশপুর উচ্চ বিদ্যালয়, মুলনা এ এস উচ্চ বিদ্যালয়, জাজিরা শামসুল উলুম ফাজিল মাদ্রাসা, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ, কাজিয়ার চর দাখিল মাদ্রাসা, বিকে নগর বঙ্গবন্ধু কলেজসহ উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক জাজিরা নড়িয়া মহাসড়কে মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে জাজিরা মহর আলী উচ্চ বিদ্যালয় থেকে একটি বিভোক্ষ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএনটির মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা।
পরে সখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাজিরা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জি এম নুরুল হক, সাধারণ সম্পাদক আবদুল হক কবীরাজ, জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান খান, আসিফ আহসান, অনিক, রাজিব হোসেন, মহসিন, কেয়া আক্তার, সাবিনা, শিক্ষক আবদুর রাজ্জাক মিয়া, আবদুল আজিজ প্রমুখ।
পরে হত্যাকারীদের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদেরের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
আটক ১২
চাঁদনীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় তাল বাবা আলী আজগর খান বাদী হয়ে জাজিরা থানায় অজ্ঞাত পরিচয় লোককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ গত দুই দিনে হেনার বান্ধবীসহ সন্দেহভাজন ১২ জনকে আটক করেছে।
এরা হলেন রবিন, সাকিল, রাজন, সুমন, ওয়াসিম, মিজান, রতন, সোহেল,মাসুদ ও পাখি আকতার।
