পটিয়ায় বাসচাপায় শিশু নিহত, মাসহ আহত ৫
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিআরটিসির বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে তার মাসহ কমপক্ষে পাঁচজন।
রোববার দুপুরে মনসার টেক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশ পটিয়া ফাঁড়ির এসআই মাসুদ আলম জানান।
নিহত মনি আক্তার (৮) চরকানাই এলাকার বাসিন্দা নবি ইসলামের মেয়ে।
আহতদের মধ্যে মনির মা সানি আক্তার (৪০) ছাড়া প্রিয়াংকা বড়ুয়া (২০) নামে একজনের পরিচয় জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সানি আক্তার তার শিশুকে নিয়ে টেম্পু থেকে নামছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বিআরটিসি বাস পেছন থেকে টেম্পুটিকে ধাক্কা দেয়।
“এতে শিশুটি বাসের নিচে চাপা পড়ে এবং তার মাসহ টেম্পোর অন্য যাত্রীরা আহত হয়।”
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিলে শিশু মনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত সানি ও প্রিয়াংকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
