২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলের আগুন নিভল ১৪ ঘণ্টা পর, তদন্ত কমিটি

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টার চেষ্টায় নিভেছে মতিঝিলের ইউনুস টাওয়ার সংলগ্ন সাততলা ভবনের আগুন। এ ঘটনায় কেউ দগ্ধ না হলেও ওই ভবনে দুটি প্রতিষ্ঠানের কার্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 10:34 AM

Updated : 25 Apr 2022, 01:08 PM

অগ্নিকাণ্ডের কারণ ও তা নেভাতে এতো দীর্ঘ সময় লাগার কারণ জানতে তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৫টা ৪০মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন তাদের কর্মীরা।

আগের দিন বিকাল সাড়ে ৩টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড কার্যালয়ে আগুন লাগার পর তৃতীয় তলায় আল-আরাফা ইসলামী ব্যাংকেও ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, প্রচণ্ড ধোঁয়ায় কিছুতেই আগুন নিয়ন্ত্রনে আনা যাচ্ছিল না।

ধোঁয়ার কারণে শনিবার আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ফায়ার সার্ভিসের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

“ধারণা করা হচ্ছে সেখানে কোনো ধরনের দাহ্য পদার্থ ছিল। বিষয়টি রহস্যজনক” বলেন ওই কর্মকর্তা।

রোববার সকালেও আগুনের কারণ এবং তা নেভাতে এতো দীর্ঘ সময় লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাদী সুলতানা।

পুরো ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতি নির্ধারণে বাহিনীর পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানান তিনি।

“ফায়ার সার্ভিসের ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল হকের নেতৃত্বে কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে,” বলেন তিনি।

পুরনো খবর:

মতিঝিলে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ দমকল কর্মকর্তা