২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের রিভিউর শুনানিতে দেরি কেন, প্রশ্ন শাহরিয়ার কবিরের

মো. কামারুজ্জামানের মামলার বিভিউর শুনানিতে দেরি নিয়ে প্রশ্ন তুলে একাত্তরের শহীদদের প্রতি বিচারকদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিলেন শাহরিয়ার কবির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 11:01 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার প্রয়াত আইনজীবী এম এ কুদ্দুসের শোকসভায় বক্তব্যে তিনি একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের প্রসঙ্গ ধরে এনিয়ে কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, “সুপ্রিম কোর্টকে আমরা বলি, সংবিধানের রক্ষক। সেই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছি, পঞ্চদশ সংশোধনীর পর রাষ্ট্রধর্ম ইসলাম কী করে সংবিধানে থাকে? একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের কাছে আমার এই প্রশ্ন।

“এই আদালতের আইনজীবী বিচারকদের কাছে আমার প্রশ্ন, সংবিধানের ১২ অনুচ্ছেদ থাকলে ২ অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে না। মুখবন্ধে বিসমিল্লাহ থাকতে পারে না।”

“এই অসঙ্গতি দূর করবার দায়িত্ব সুপ্রিম কোর্টের। আমরা জানি আমাদের শেষ অবলম্বন হচ্ছে সুপ্রিম কোর্ট। এই আদালতের মর্যাদার জন্য আমরা সব সময় লড়াই করেছি।”

তিনি বলেন, ট্রাইব্যুনালের আপিলের ক্ষেত্রে সরকার বলেছিল, ৬০ দিনের মধ্যে আপিলের নিষ্পত্তি করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে, সরকার এ ধরনের নির্দেশ দিতে পারে না। আমরা সেটা মেনে নিয়েছি।

“কারণ আমরা জানি, সুপ্রিম কোর্টের উপর এ ধরনের কর্তৃত্বের অধিকার সরকারের নাই। কিন্তু সেখানে যদি দেখি, বিচারের বাণী নিভৃতে কাঁদে।”

ঘাতক দালাল নির্মূল কমিটির এই ভারপ্রাপ্ত সভাপতি বলেন, “৪৩ বছর ধরে আমরা গণহত্যার বিচার চাইছি। রাস্তায় আছি। আমাদের প্রতিপক্ষরা এই বিচারকে বিলম্বিত করতে বহু ষড়যন্ত্র করেছে।

“ট্রাইব্যুনালে আইনজীবীরা অসুস্থ্য থাকবেন, দেশের বাইরে থাকবেন, ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকবেন, সেইদিন সেই মামলার শুনানি হবে না।”

“শহীদ পরিবারের একজন সদস্য হিসাবে আমি একটি প্রশ্ন রাখতে চাই, অতিসম্প্রতি কামারুজ্জামানে ক্ষেত্রে রিভিউর জন্য কেন এই সময়্ আমাদেরকে দিতে হবে?”

“সুপ্রিম কোর্টের বিচারকদের উদ্দেশে বিনীতভাবে একটি কথা বলতে চাই, আপনাদেরও দায়বদ্ধতা রয়েছে, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদদের প্রতি। ৩০ লাখ বাঙালি যে আদর্শের জন্য জীবন দিয়েছে, তার প্রতি দায়বদ্ধতা রয়েছে।”

“আমরা ৪৩ বছর ধরে, শহীদের পরিবারের সদস্যরা, তাদের স্ত্রীরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা এই ন্যায় বিচারের জন্য বেঁচে নেই। ৪৩ বছর যে জাতি বিচারের জন্য অপেক্ষা করছে, সেই বিচার কোন আইনজীবীরা ব্যক্তিগত কারণে অনুপস্থিতির জন্য আটকে থাকতে পারে না।”

“আমি মনে করি, রিভিউ যখন আপনারা (বিচারকরা) করবেন, এ বিষয়ে মন্তব্য করবেন।”

ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি এম এ কুদ্দুস গত সপ্তাহে মারা যান।

তার শোকসভায় সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, এমএম আকাশ, এম কুদ্দুসের স্ত্রী রাশিদা আক্তার রানু, বড় মেয়ে নাদেজদা ফাতেমা শিখা বক্তব্য রাখেন।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ আখতার উল ইসলামের সভাপতিত্বে সভায় বিচারকদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী, হাই কোর্টের বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এম এ কুদ্দুস ছিলেন জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এক আপসহীন যোদ্ধা। ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে তিনি ছিলেন সক্রিয়।

সভার শুরুতেই প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের পক্ষ থেকে প্রেরিত শোকবার্তা পড়ে শোনান সংগঠনের অন্যতম সম্পাদক হাসান তারিক চৌধুরী।