বান্দরবানে হরতাল প্রত্যাহার
বান্দরবানে ‘জাগো পার্বত্যবাসী’ নামের সংগঠনের ডাকা ৭২ ঘণ্টার হরতাল প্রত্যাহার করেছে একদিন আগে।
দুপুরে শহরের মুক্তমঞ্চে সংগঠনটির আহ্বায়ক আবিদুর রহমান এ ঘোষণা দেন।
শুক্রবার এসএসসি পরীক্ষা ও শহরে একটি মাহফিল থাকায় মানবিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি ঘোষণায় উল্লেখ করেন।
এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) গাড়িবহরে হামলার প্রতিবাদে বান্দরবানের রুমা উপজেলায় শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।
রুমা উপজেলার জনসংহতি সমিতির আইন ও ভূমি বিষয়ক সম্পাদক মংমংসিং মারমা বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এই কর্মসূচির কথা জানান।
তিন দিনের একটি সফরে বুধবার সন্তুলারমা বান্দরবানে পৌঁছলে বান্দরবানে বালাঘাটা বাজার এলাকায় তার গাড়িবহরের পেছনে থাকা একটি জিপে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে জনসংহতি সমিতির ১১ জন নেতাকর্মী আহত হন।
আগামী শুক্রাবার (১৩ই মার্চ) পিসিজেএসএস সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা বান্দরবানে শৈল প্রপাত এলাকায় ফারুক পাড়ায় পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলনে যোগদানের কথা রয়েছে।
তার সফর প্রতিহত করতে একটি বিশেষ মহল পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে বলে দাবি করছেন পিসিজেএসএসের জেলা সহ-সভাপতি উছোমং মারমা।
তবে, জাগো পার্বত্যবাসীর নেতারা জানান, পাহাড়ে চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধসহ নানা দাবিতে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি সন্তু লারমার বান্দরবান সফরের প্রতিবাদে বুধবার তারা হরতাল শুরু করেন।
