বান্দরবানে হরতালে সংঘর্ষ, সন্তুর গাড়িবহরে হামলা
‘জাগো পার্বত্যবাসী’ নামে বাঙালিদের একটি সংগঠনের ডাকে বান্দরবানে ৭২ ঘণ্টার হরতাল চলছে।
বুধবার সকালে শহরে বালাঘাটায় সন্তু লারমার গাড়ি বহরের একটি জিপে জীপে ভাঙচুর করে হরতাল সমর্থকরা।
এ সময় হরতাল সমর্থক ও স্থানীয় পাহাড়িদের মধ্যে কয়েকদফা সংঘর্ষ চলে। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে।
পাহাড়ে চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধসহ নানা দাবিতে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি সন্তু লারমার বান্দরবান সফরের প্রতিবাদে বুধবার এ হরতাল শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয় হরতাল সমর্থকরা। সকাল থেকে কোথাও যান চলাচল করেনি।
বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার ও রাঙ্গামাটি রুটে কোনো দূরপাল্লার বাস চলেনি। বাস টার্মিনালে বুকিং কাউন্টারগুলো বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান-চন্দ্রঘোনা সড়কে বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় একটি সেতুর পাটাতন তুলে নেয় এবং সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ ফেলে অবরোধ করে হরতাল সমর্থকরা।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে মেরামত করে সেতুটি।
সদর থানার ওসি মো.ইমতিয়াজ আহম্মেদ জানান, সন্তু লারমার গাড়িবহরে হামলা এবং হরতাল সমর্থক ও স্থানীয় পাহাড়িদের সংঘর্ষের ঘটনায় দুপক্ষের চার জনকে আটক করেছে।
ওই সংঘর্ষে জনসংহতি সমিতির পুশৈথোয়াই মারমা (৩০), পরিমল চাকমা (৩১), পাহাড়ি ছাত্র পরিষদের স্বপন তঞ্চঙ্গ্যা (৩৪) ও মমতাজ (৪৫) নামে এক পিকেটারসহ ছয়জন আহত হন।
আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অংশৈপ্রু জানান, আহতদের মধ্যে পুশৈথোয়াই মারমার অবস্থা গুরুতর।
ওসি ইমতিয়াজ আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে বিজিবি, সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য জানান, শহরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী শুক্রাবার (১৩ই মার্চ) পিসিজেএসএস সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা বান্দরবানে শৈল প্রপাত এলাকায় ফারুক পাড়ায় পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলনে যোগদানের কথা রয়েছে।
তার সফর প্রতিহত করতে একটি বিশেষ মহল পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে বলে দাবি করছেন পিসিজেএসএসের জেলা সহ-সভাপতি উছোমং মারমা।
