২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে পেট্রোল বোমা হামলা: বিএনপিকর্মীর জবানবন্দি

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার মামলায় এক বিএনপিকর্মী আদালতে জবানবন্দি দিয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 09:16 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, বুধবার কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আলাউল আকবরের খাস কামড়ায় ১৬৪ ধারায় মেহেদী হাসান উজ্জ্বলের (১৯) জবানবন্দি রেকর্ড করা হয়।

মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের জয়দেবপুর উপজেলার মাধববাড়ি এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি মোশারফ।

উজ্জ্বল কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি টুইয়ারচর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে।

পেট্রোল বোমা হামলায় উজ্জ্বল নিজের সম্পৃক্ততার কথা স্বীকারসহ আরও কয়েকজনের নাম বললেও ওসি অন্যদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন।

ওসি জানান, গত ৪ মার্চ রাত ১১টার দিকে নেত্রকোনা থেকে সিলেটের ভোলাগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর এলাকায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা চালায়। এতে ১৫ জন দগ্ধসহ ১৭ জন আহত হন।

এ ঘটনায় সদর থানার এসআই শাহাদাত বাদী হয়ে যুবদল নেতা ইব্রাহিম মোল্লাকে (৩২) প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এ মামলায় পুলিশ আট বিএনপি-জমায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।