২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফী অসুস্থ, দুই দলের সমালোচনায় হেফাজত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন, যিনি বিভিন্ন সময়ে নারী প্রগতিবিরোধী মন্তব্য করে সমালোচিত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 09:06 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বুধবার দুপুরে হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন তার এই অসুস্থতার কথা জানান হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

দেশের ‘বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে’ আয়োজিত এই সংবাদ সম্মেলনে ৯৩ বছর বয়সী আহমদ শফীরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় তার পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেফাজতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য দুই প্রধান রাজনৈতিক দলের সমালোচনা করেন তিনি।

হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসুস্থ বোধ করায় মঙ্গলবার রাতে আহমদ শফীকে নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।”

চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফী কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানও।

আজিজুল হক ইসলামাবাদী সংবাদ সম্মেলনে শফীর পক্ষে লিখিত বক্তব্যে বলেন, “সরকার ও বিরোধী দলের রাজনৈতিক সংঘাত-সংঘর্ষে বাংলাদেশ অচল হয়ে গেছে। তীব্র রাজনৈতিক অস্থিরতা ও দলীয় বিভেদে সৃষ্ট হানাহানির আগুনে অশান্তি ছড়িয়ে পড়েছে পুরো জনপদে।

“দুই পক্ষের মারামারি দেশ আজ মহাবিপদে। কথিত বন্দুকযুদ্ধ ক্রসফায়ার এবং পেট্রোল বোমা হামলায় জীবন যাচ্ছে সাধারণ মানুষের। জ্বলজ্যান্ত মানুষ গুম হচ্ছে। যত্রতত্র লাশ পড়ে আছে।”  

আহমদ শফীর লিখিত বক্তব্যে বলা হয়, বিরোধী আন্দোলন দমনে ‘রাষ্ট্রীয় বাহিনীর নির্মমতা ও নৃশংসতার’ প্রেক্ষিতে সাধারণ মানুষের নিরাপত্তা ‘চরমভাবে বিপন্ন’।

“সংখ্যাগরিষ্ঠ জনগণের সম্মতির ভিত্তিতে সরকার নির্বাচিত না হওয়ায় এই গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক অহমিকায় আক্রান্তরা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে জাতিকে হানাহানি ও চরম বিভক্তির মধ্যে ফেলে দিয়েছে।”

এর প্রতিবাদে টানা অবরোধ-হরতাল চালিয়ে আসা বিএনপি জোটেরও সমালোচনা করা হয় হেফাজত আমীরের বক্তব্যে।

তিনি বলেন, “টানা অবরোধ ও হরতালে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এভাবে আর চলতে দেওয়া যেতে পারে না। সরকার ও বিরোধী পক্ষকে সর্তক করে বলতে চাই, অবিলম্বে সংলাপের মাধ্যমে কাঙ্ক্ষিত সমঝোতা ও ফয়সালায় আসুন।”

‘রাজনৈতিক লড়াইয়ে ক্ষমতার স্বার্থে’ সরকার ও বিরোধী উভয় পক্ষ ‘বিদেশি প্রভুদের কাছে-টানার’ প্রতিযোগিতায় নেমেছে মন্তব্য করে লিখিত বক্তব্যে বলা হয়, “এ মানসিকতা স্বাধীন জাতির জন্য খুব অমর্যাদাকর।”

২০১৩ সালে ঢাকার মতিঝিলে সমাবেশ থেকে ব্যাপক তাণ্ডব চালানো এই সংগঠনটির নেতা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করেন, “কোনো ছলাকলায় বিদেশি শক্তির আগ্রাসন ও অনুপ্রবেশ ঘটিয়ে দেশকে ইরাক-আফগানিস্তান বানানোর চক্রান্ত করা হলে তার দায়-দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই বহন করতে হবে।”

সংবাদ সম্মেলন থেকে তিন দফা কর্মসূচি ঘোষণা করেন আজিজুল হক ইসলামাবাদী।

এ কর্মসূচির মধ্যে রাজনৈতিক সহিংসতা ও ক্রসফায়ারে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মাদ্রাসা-মসজিদে নিয়মিত দোয়া এবং দেশের সঙ্কট মুক্তির জন্য মাদ্রাসা ও মসজিদে কুনুতে ‍নাজেলা পড়ার আয়োজন রয়েছে।

এছাড়া ৯ ও ১০ এপ্রিল নগরীর লালদীঘি ময়দানে দুই দিনের শানে রেসালাত এবং ২৭ ও ২৮ মার্চ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুই দিনের শানে রিসালাত সম্মেলন করবে হেফাজতে ইসলাম।

অন্যদের মধ্যে সংগঠনের নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাঈনুদ্দিন রূহী, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মুনীর আহমদ, মাওলানা ইসহাক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।