২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ সিরাজুল আকবর সমাহিত

স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় নিলেন মাগুরার সংসদ সদস্য মোহাম্মদ সিরাজুল আকবর।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 04:13 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বুধবার সকাল সাড়ে ১১টায় মাগুরার নোমানী ময়দানে সর্বশেষ নামাজে জানাজা শেষে তাকে শহরের পৌর গোরস্থানে দাফন করা হয়।

সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তার মরদেহ মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে এসে পৌঁছায়।

সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন ও মুখ দর্শনের জন্য কফিনটি খোলা রাখা হয়।

প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রধানন্ত্রীর একান্ত সহকারী সচিব সাফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা প্রশাসন, পুলিশ সুপার, আওয়ামী লীগ, ছাত্রলীগ, রেড ক্রিসেন্ট, স্বাস্থ্য বিভাগ, সরকারি কলেজসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজা ও দাফন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মোজ্জাম্মেল হক, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রধামন্ত্রীর একান্ত সহকারী সচিব সাফুজ্জামান শেখর, জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবীর, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলামসহ প্রশাসন ও দলীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. মোহম্মদ সিরাজুল আকবর সোমবার মাগুরা থেকে ঢাকায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। পরে রাত ৯টায় ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক বিশেষজ্ঞ ডা. আকবর মাগুরা-১ আসন থেকে পর পর চার বার সংসদ সদস্য নির্বাচিত হন।

মৃত্যুর দুই দিন আগে তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি ১১ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।