২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই ধরনের দুই ‘বন্দুকযুদ্ধ’, আহত দুই কলেজছাত্র

রাজশাহীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের দুটি ঘটনায় দুই কলেজছাত্র আহত হয়েছেন, যাদের একজন শিবিরকর্মী ও অন্যজন ছিনতাইকারী বলে পুলিশের দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 03:33 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

মঙ্গলবার রাত ১টা থেকে দেড়টার মধ্যে মতিহার থানা এলাকার মির্জাপুর এবং বোয়ালিয়ার হেতেমখাঁ গোরস্থানের পাশে গোলাগুলির এসব ঘটনা ঘটে বলে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান।

আহত সবুজ আলী (২০) ও আফিস ইসলাম শোভনকে (১৯) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মির্জাপুর এলাকার সাদেক আলীর ছেলে সবুজ জামায়াত নিয়ন্ত্রিত বিনোদপুর ইসলামিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর শোভন নগরীর ষষ্ঠিতলা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি নগরীর রামচন্দ্রপুর বিএম কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

সহকারী কমিশনার জানান, শিবিরকর্মী সবুজকে মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর এলাকা থেকে আটক করা হয়েছিল।

“রাত দেড়টার দিকে পুলিশ সবুজকে নিয়ে অস্ত্র উদ্ধারে মতিমহল বালু মাঠ এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও হাতবোমা ছোড়ে। এ সময় পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় সে।”

বাঁ পায়ে গুলিবিদ্ধ সবুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার ১১টি মামলা রয়েছে, যার মধ্যে সাতটিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে এসি ইফতে খায়ের জানান।

অন্যদিকে একাধিক ছিনতাই মামলার আসামি শোভনকে মঙ্গলবার বিকালে ষষ্ঠিতলা থেকে আটকের পর গোয়েন্দা পুলিশ বোয়ালিয়া থানায় হস্তান্তর করেছিল।

থানা পুলিশ রাত ১টার দিকে শোভনকে নিয়ে কাদিরগঞ্জ মহিলা কলেজের উত্তর পাশে হেতেমখাঁ গোরস্থানের রাস্তায় অভিযানে গেলে সেখানে গোলাগুলি হয় বলে ইফতে খায়ের আলম জানান।

“শোভনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে শোভন পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে তার ডান পায়ে গুলি লাগে।”

গুলিবিদ্ধ লাশ

এদিকে সদর উপজেলার ভদ্রা জামালপুর এলাকার ওলি বাবার মাজারের পাশ থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অপু দর্জির কাজ করতেন। তার বাবার নাম কুদরত আলী, বাড়ি বোয়ালিয়া থানার বনপুকুর এলাকায়।

সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ অপুর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তার বুকে একটি গুলির চিহ্ন থাকলেও কারা কেন তাকে খুন করেছে- সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।