২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা আধুনিকায়নে সুপারিশ

যাত্রীদের দুর্ভোগ কমাতে বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা আধুনিক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বিমান বন্দরে লাগেজ পেতে ১ থেকে দেড় ঘণ্টা সময় লাগে। পৃথিবীর আর কোথাও মনে হয় এতো সময় লাগে না। লাগেজ পড়ে থাকেই বলে অনেক সময় এখান থেকে চুরি হয়।

“কমিটি মন্ত্রণালয়কে বলেছে, লাগেজ ম্যানেজমেন্ট আধুনিকায়নে তিনটি অপশন আছে। হয় বর্তমানে যেভাবে চলছে তা আরও উন্নত করতে হবে। অর্থাৎ যারা করছে তাদেরকে আরও একটিভ হতে হবে। কিংবা বিদেশি কোন সংস্থার সঙ্গে যৌথভাবে লাগেজ ম্যানেজমেন্ট করতে হবে। না হয় বিদেশি কোম্পানিকে এর দায়িত্ব দিতে হবে।”

সাবেক এই বিমানমন্ত্রী আরও বলেন, “এই তিনটি উপায়ের মধ্যে কোনটা যৌক্তিক সেটা নির্ধারণ করে মন্ত্রণালয়কে আগামী বৈঠকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।”

এদিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের নিরাপত্তা, সেবা, খাবারের মান বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। হোটেল সংস্কার করার ওপরও জোর দেওয়া হয়েছে।

বৈঠকে এ বিষয়ে আলোচনায় পর সিদ্ধান্ত নেওয়া হয়, খুব শিগগিরই কমিটি সোনারগাঁও হোটেল পরিদর্শন করবে।

এ বিষয়ে ফারুক খান বলেন, “বৈঠকে কমিটির সদস্যরা এ বিষয়ে আলোচনার সূত্রপাত করেন। আমরা মন্ত্রণালয়কে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে জানানোর জন্য বলা হয়েছে।”

হোটেল সংস্কারের বিষয়ে তিনি বলেন, “আন্তর্জাতিক মান অনুযায়ী এখন হোটেল রুমের মাপ হবে ৩৩০ বর্গফুট। কিন্তু সোনারগাঁওয়ে আছে ২৮০ বর্গফুট। এজন্য সংস্কারের সুপারিশ করা হয়েছে।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ বিমানকে ক্যাটাগরি ওয়ানে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।

এছাড়া কমিটি বাংলাদেশ বিমানের ফ্লাইটের সংখ্যা বাড়ানোরও তাগিদ দিয়েছে।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মো. আলী আশরাফ, তানভীর ইমাম, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান এবং সাবিহা নাহার বেগম।