২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বোমা বিস্ফোরণ, যুবদল নেতার কবজি বিচ্ছিন্ন

রংপুর নগরীতে হাতবোমা ‘বানানোর সময়’ বিস্ফোরণে এক যুবদল নেতার ডান হাতের কবজি উড়ে গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 08:37 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় এ ঘটনায় আহত ফিরোজ সরকার বিপ্লব (১৯) জেলা যুবদলের সহ-সম্পাদক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, পুলিশ হাসপাতালে বিপ্লবকে গ্রেপ্তার করেছে। পুলিশ প্রহরায় তার চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে রবার্টসনগঞ্জ জামে মসজিদসংলগ্ন আমিনুল হকের বাড়িতে তার ছেলে বিএনপিকর্মী রাসেলসহ কয়েকজন যুবক হাতবোমা বানাচ্ছিল।

এ সময় একটি হাতবোমার বিস্ফোরণে বিপ্লবের ডান হাতের কবজি উড়ে যায়।

“খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৪টি হাতবোমাসহ বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে হাসাপাতালে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।”  

হাতবোমাগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।  

রাসেলের বাবা আমিনুল হক বলেন, “আমার ছেলে রাসেলের ঘরে হঠাৎ বিকট শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি বিপ্লবের ডান হাতের কবজি নেই। তখন তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”

বিপ্লবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন জেলা যুবদলের সভাপতি রইচ আহমেদ।