২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় দুজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিপ্লব গোস্বামী মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডিতরা হলেন দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের জাহিদ হাসান (২৫) ও সাইদুর রহমান সাবদার (২৬)। সাবদার পলাতক রয়েছেন।

চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহা. শামসুজ্জোহা জানান, দক্ষিণ চাঁদপুর গ্রামের আকু জোয়ার্দ্দারের ছেলে নাসির জোয়ার্দ্দারকে ২০০৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে একই গ্রামের কুড়ির মাঠে বাঁশবাগানের ভেতর কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় নিহত নাসিরের ভাই হবা জোয়ার্দ্দার থানায় পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

দামুড়হুদা থানার এসআই হাশেম খান ২০০৯ সালের ৩০ জুলাই অভিযোগপত্র দাখিল করেন।

আসামি দক্ষিণ চাঁদপুর গ্রামের হানিফ মন্ডলের ছেলে জাহিদ হাসান ও একই গ্রামের আমোদ আলীর ছেলে সাইদুর রহমান ওরফে সাবদার ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নাসির জোয়ার্দ্দারকে হত্যা করার কথা স্বীকার করে।

স্বীকারোক্তিতে বলা হয়, জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে নাসিরকে হত্যা করে আসামিরা।