ঢাবিতে ছাত্রলীগকর্মীদের হাতে নারী সাংবাদিক লাঞ্ছিত
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ দলের জয়ের উল্লাসে মেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী সাংবাদিককে লাঞ্ছিত করেছে ছাত্রলীগকর্মীরা।
সোমবার সন্ধ্যায় টিএসসিতে ছাত্রলীগ কর্মীরা ওই নারীকে জোর করে রং লাগানোর সময় বাধা দিতে গেলে তাদের হামলায় আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহসহ দুজন।
এই ঘটনায় নিজ সংগঠনের জুনিয়র কর্মীদের ঠেকাতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, ছিঁড়ে যায় তার গায়ের জামা।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসেদ ও সাদ নামে মহসিন হলের দুই ছাত্রলীগকর্মীকে আটক করেছে পুলিশ।
আহত মাসুম বিল্লাহ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, ইটের আঘাতে মাসুমের মাথায় তিনটা এবং মেহেদির মাথায় চারটা সেলাই দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, এলোপাতাড়ি ছোড়া ইটের একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে হামলাকারীদের একজনও আহত হয়েছেন।
প্রতক্ষদর্শীরা জানান, বিজয় উৎসবের এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে টিএসসিতে চায়ের দোকানের সামনে বেশ কিছু সাংবাদিক আড্ডা দিচ্ছিলেন, যাদের মধ্যে সদ্য মাস্টার্সউত্তীর্ণ এক নারী সাংবাদিকও ছিলেন।
আড্ডার এক পর্যায়ে দুইটি ছেলে এসে ওই নারী সাংবাদিকের গায়ে রং ছুড়তে যায়। তিনি নিষেধ করলে তারা ফিরে যায়। কিন্তু কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে জোর করে তার শরীরে রং ছুড়ে দেয়।
এ সময় ওই নারী সাংবাদিকের বন্ধু মাসুম বিল্লাহ এগিয়ে গিয়ে ওই শিক্ষার্থীদের পরিচয় জানতে চান। তর্কাতর্কির এক পর্যায়ে ছাত্রলীগকর্মীদের কয়েকজন ইট নিয়ে এসে এলোপাতাড়ি ছুড়তে থাকে। কয়েক দফা ইট ছোড়ার ঘটনার মধ্যে শুরুতেই আহত হন মাসুম ও মেহেদি।
এক পর্যায়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) একে সাইদুল হক ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। সে সময় প্রক্টর অফিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগকর্মীকে আটক করা হয়।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
পরে ঘটনাস্থলে প্রক্টর আমজাদ আলী সাংবাদিকদের বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীরা উত্তেজনাবশে সিনিয়রদের মারধর করেছে এবং ইটপাটকেল ছুড়েছে। আমরা এই ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পর মাসুম ও মেহেদিকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে তাদেরকে দেখতে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
নাজমুল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জয়ের কারণে আনন্দ উল্লাসের এক পৃর্যায়ে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় জড়িতরা ছাত্রলীগের নেতা হোক আর কর্মী হোক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
