বারহাট্টায় ইউএনওকে হুমকি: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নেত্রকোণার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কাজী সাখাওয়াত হোসেন বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ওয়াহেদ মিয়ার ছেলে।
বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান জানান, সোমবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার মল্লিকপুর ধারাম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ ফেব্রুয়ারি বারহাট্টা ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের ফাইলে স্বাক্ষর না করায় চেয়ারম্যান সাখাওয়াত ইউএনও এসএম জাহাঙ্গীর হোসেনকে মারধর করে পেট্রোল বোমায় পুড়িয়ে মারার হুমকি দেন। এই অভিযোগে ইউএনও’র গাড়ির চালক আব্দুল খালেক থানায় মামলা করেছেন।
ইউএনও এসএম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের ফাইল স্বাক্ষর করে দেওয়ার জন্য কয়েকদিন ধরেই চাপ সৃষ্টি করে আসছিলেন। এ নিয়ে প্রথমে ৯ ফেব্রুয়ারি বিকালে তাকে গালাগাল করেন ইউপি চেয়ারম্যান।
পরদিন খালিয়াজুড়ীর ইউএনও বদরুল হাসান লিটনকে সঙ্গে নিয়ে অফিসের গাড়িতে করে আইনশৃংঙ্খলা বিষয়ে মাসিক সভায় যোগ দিতে জেলা সদরে যাচ্ছিলেন তিনি। পথে বারহাট্টা পাইলট স্কুল মোড়ে গাড়ির গতিরোধ করেন ইউপি চেযারম্যান সাখাওয়াত।
এ সময় তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং মারধর করে গাড়িতে পেট্রোল বোমা মেরে আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দেন কাজী সাখাওযাত। পরে বারহাট্টা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে নেত্রকোণা জেলা আইনশৃংঙ্খলা সভায় পাঠান।
বিষয়টি সেদিন জেলা আইনশৃংঙ্খলা কমিটির সভায় আলোচনা এবং জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় বলে জানান ইউএনও জাহাঙ্গীর।
