২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় আবু তাহের হত্যার ‘হোতা’ গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় ডাকাতি করতে গিয়ে সাবেক কর কমিশনার আবু তাহেরকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার সাবেক গাড়িচালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 04:18 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

এরা হলেন- আবু তাহেরের চাকরিচ্যুত গাড়িচালক মো. নাছির (২৯) ও তার সহযোগী মো. রাসেল তালুকদার (২২)।

সোমবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, নাছিরই রামপুরায় আবু তাহেরের বাসায় ডাকাতির ‘হোতা’।

গত ২ মার্চ ভোররাতে পূর্ব রামপুরার টিভি গেইট এলাকায় আবু তাহেরের বাসায় ডাকাতির ঘটনা ঘটে।

অন্তত আটজন ডাকাত তিনতলা ওই বাসার লোকজনের হাত-পা বেঁধে ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৪৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়।

বাড়ির তৃতীয় তলায় স্ত্রীকে নিয়ে থাকতেন তাহের। ঘটনার সময় বৃদ্ধ এই দম্পতি ছাড়া দুই গৃহকর্মী বাসায় ছিলেন।

মনিরুল ইসলাম বলেন, “ডাকাতরা আবু তাহেরের মুখ কাপড় দিয়ে বেঁধে হাত ও পায়ের রগ কেটে দিয়েছিল। ঘটনায় জড়িত নাছির ও তার সহযোগী রাসেলকে জিজ্ঞাসাবাদ করে ডাকাতির ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে।”

এই পুলিশ কর্মকর্তা জানান, নয় মাস আবু তাহেরের ব্যক্তিগত গাড়িচালক হিসাবে কাজ করার পর নাছির সম্প্রতি চাকরিচ্যুত হন।

“হরতাল-অবরোধে নাছির গাড়ি চালাতে না চাইলে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর নাছিরকে চাকরিচ্যুত করা হয়। পাওনা টাকার জন্য আবু তাহের একটি চেক লিখে দিলে নাছির নগদ টাকা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়।”

এসব কারণে নাছির ‘প্রতিশোধ নিতে’ ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িয়ে থাকতে পারেন বলে গোয়েন্দা পুলিশের ধারণা।

মনিরুল বলেন, “চাকরি হারানোর পর নাছিরের সঙ্গে স্থানীয় ডাকাত আমির হোসেনের পরিচয় হয়। আমিরের সহায়তায় নাছির, সোহেল, রুস্তম, মাসুমসহ আটজন ওই বাড়িতে ডাকাতি করে। যাওয়ার আগে আবু তাহেরের মুখ বেঁধে হাত-পায়ের রগ কেটে দেয়।”

বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “ডাকাতি ও হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কোনো পক্ষ জড়িত আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।”