২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, নিহত ১

সাড়ে ১১ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চের ভেতর কোনো লাশ পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 08:21 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

পুরনো খবর:

মেঘনায় একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪

রোববার সকাল ৭টার দিকে আশুগঞ্জ লঞ্চঘাটের কাছেই লঞ্চটি ডুবে যায়। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ডুবুরিরা।

দুর্ঘটনার পরপরই পুলিশ চারজন নিখোঁজের কথা জানালেও উদ্ধার কাজে আসা ফায়ার সার্ভিসকর্মীরা তা নিশ্চিত করতে পারেননি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী তিনটি দল সকাল ৯টা থেকে উদ্ধার কাজ শুরু করে।

দুপুরে তাদের সঙ্গে যোগ দেয় ঢাকা থেকে আসা ৫ সদস্যের একটি ডুবুরি দল।

সারাদিন উদ্ধার কাজ চললেও লঞ্চে মালামাল থাকায় তা উল্টে যাওয়ার কারণে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে আশুগঞ্জ বিদ্যৎ কেন্দ্র থেকে আনা একটি শক্তিশালি ক্রেন দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় তা উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মজিবুর রহমান জানান, লঞ্চের ভিতরে কোনো লাশ পাওয়া যায়নি।

কোনো স্বজন নিখোঁজ রয়েছে দাবি করে এখনও কেউ না আসায় আর কোনো নিখোঁজ আছে কি না বলা যাচ্ছে না, বলেন তিনি।

ভৈরব থেকে ছেড়ে আসা লঞ্চটি আশুগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি শেষে কিশোরগঞ্জের অষ্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ছেড়ে যাবার কিছুক্ষণ পর সকাল ৭টায় আশুগঞ্জ লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে এটি ডুবে যায়।