মেঘনায় একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন আরো চার জন।
রোববার সকাল ৭টার দিকে আশুগঞ্জ লঞ্চঘাটের কাছেই লঞ্চটি ডুবে যায় বলে আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান।
সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকেই এক যুবকের লাশ উদ্ধার করে ডুবুরিরা।
তার পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ২৫ বছর।
ওসি জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ভৈরব থেকে ছেড়ে আসা ট্রলারটি আশুগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির পর কিশোরগঞ্জের অষ্টগ্রামের উদ্দেশ্যে ঘাট ছাড়ে। লঞ্চঘাট থেকে কিছু দূরে যাওয়ার পরই ট্রলারটি একপাশে ঝুঁকে তলিয়ে যায়।
লিটন নামে ট্রলারের এক যাত্রী বলেন, ট্রলারটি ডোবার সময় পাঁচ জন যাত্রী ভিতরে ঘুমিয়ে ছিলেন।
ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি শুরু হয় বলে আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মজিবুর রহমান জানান।
ধারণ ক্ষমতার বেশি যাত্রী ও অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায় বলে অভিযোগ করেছেন যাত্রীদের কয়েকজন।
