২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় লঞ্চডুবি: আরও ৭ লাশ উদ্ধার

পাটুরিয়ায় পদ্মা নদীতে লঞ্চডুবির তিন দিন পর আরও সাতটি লাশ উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 01:20 PM

Updated : 25 Apr 2022, 01:04 PM

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা জিহাদ হোসেন জানান, বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে শিবালয় ও হরিরামপুর উপজেলা এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ৭৮ জনের লাশ উদ্ধার হলো। এর আগে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকর্মীরা ৭১ জনের লাশ উদ্ধার করেন।

পাটুরিয়ার ঘাট থেকে দুটি বাসের দেড় শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর রোববার দুপুর ১২টার দিকে মাঝনদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় এমভি মোস্তফা-৩ নামের লঞ্চটি।

পরদিন সকালে লঞ্চটি টেনে তোলার পর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে মানিকগঞ্জ জেলা প্রশাসন। ওইদিন দুপুরেও একটি লাশ পাওয়া যায়।

ফায়ার ব্রিগেডের কর্মকর্তা জিহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার অভিযানে শেষ হওয়ার পরও লাশের সন্ধানে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টহল চলছিল।

“টহলের মধ্যে বুধবার সকালে শিবালয়ে পদ্মা নদীর মালুচি এলাকা থেকে দুটি শিশু ও তিন পুরুষের লাশ এবং পাশের হরিরামপুর উপজেলার বাল্লা এলাকা থেকে এক শিশু ও এক নারীর লাশ পাওয়া যায়।”

স্বজনদের শনাক্তের জন্য উদ্ধার লাশগুলো পাটুরিয়ায় বিআইডব্লিউটিএর যাত্রী ছাউনিতে রাখা হবে বলে জানান তিনি।

পুরনো খবর:

পাটুরিয়ায় ৬৯ লাশ উদ্ধার, অভিযান সমাপ্ত