২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিএনপির মিছিলে হামলা, আহত ৬

জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির মিছিলে হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 08:47 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সোমবার সন্ধ্যায় আক্কেলপুর পৌর শহরের উপজেলা গেইট থেকে মিছিল করে রেল গেইটের দিকে গেলে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা ধাওয়া করে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় সহসভাপতি সিরাজুল ইসলাম বিদ্যুৎ ও আক্কেলপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর নবী নয়ন বলেন, হামলায় আক্কেলপুর পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা ও পৌর কাউন্সিলর রেজাউল করিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ছয় জন আহত হয়েছেন।

আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলাকারীরা আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান কমলের দোকানে ভাংচুর চালায় বলেও অভিযোগ করেন তারা।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাধেশ্যাম আগরওয়ালা বলেন, আহতদের মধ্যে পৌর কাউন্সিলর রেজাউল করিমের অবস্থা আশংকাজনক হওয়া তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপির মিছিলকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। কোনো পক্ষ মামলা বা অভিযোগ দায়ের করেনি।

এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ জড়িত নয়।