২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন বাতিল, সন্দেহভাজন ৫ জঙ্গি ফের কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ‘মিথ্যা তথ্যে' দিয়ে জামিন পাওয়া এক পাকিস্তানিসহ সন্দেহভাজন পাঁচ জঙ্গি আবার কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 04:16 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সোমবার তাদের জামিন বাতিল করেন বলে ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন আদালতে হাজিরা দিতে এলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে।”

আসামিরা জামিন পেলে সাক্ষীদের হুমকি দিয়ে তদন্ত বাধাগ্রস্ত করতে পারেন বলে জামিন বাতিলের আদেশ হয়েছে বলে জানান আনিসুর।

এরা হলেন- মোহাম্মদ আলম (৪৪), আব্দুল মজিদ (৩১), মো. আমিন (৫০), মো. শফিউল্লাহ (৩৮) ও মো. সালামত উল্লাহ (৪০)।

এদের মধ্যে আলম পাকিস্তানি নাগরিক এবং তিনি ‘গ্লোবাল রোহিঙ্গা সেন্টার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক। আর শফিউল্লাহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতা।

রোহিঙ্গাদের জঙ্গি সংসঠন আরএসও’র সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে শফিউল্লাহ ও সালামত উল্লাহর বিরুদ্ধে।

গত বছরের ২৩ নভেম্বর চট্টগ্রামের একটি হোটেল থেকে জঙ্গি সন্দেহে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ঢাকার লালবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তাদের কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও লালবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের ওই মামলার এজাহারে নাম না থাকার 'মিথ্যা তথ্য' দিয়ে গত ২৭ জানুয়ারি ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন নেন তারা।

কিন্তু মামলা ও জামিননামার অনুলিপি হাতে আসার পর দেখা যায়, এজাহারে নাশকতা ও জঙ্গি তৎপরতায় অর্থের যোগানদাতা হিসাবে ওই পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি বিষয়টি জানাজানি হলে পরদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকসহ বেশ কয়েকটি সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। আইনজীবীরাও এতে ক্ষোভ প্রকাশ করেন।

অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা সময়ের আবেদন করায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ মার্চ আদালত নতুন তারিখ রেখেছেন।

পুরনো খবর:

জঙ্গি সন্দেহে আটক ৫ জনের জামিন ‘মিথ্যা তথ্যে’