২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে আটক ৫ জনের জামিন ‘মিথ্যা তথ্যে’

জঙ্গি সন্দেহে আটক এক পাকিস্তানিসহ পাঁচ জন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ‘মিথ্যা তথ্য’ দিয়ে জামিন নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রকাশ রঞ্জন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 04:43 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

জামিনপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ আলম (৪৪),আব্দুল মজিদ (৩১), মো. আমিন (৫০), মো. শফিউল্লাহ (৩৮) ও মো. সালামত উল্লাহ (৪০)।

এদের মধ্যে আলম পাকিস্তানি নাগরিক এবং তিনি ‘গ্লোবাল রোহিঙ্গা সেন্টার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক। আর শফিউল্লাহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতা।

রোহিঙ্গাদের জঙ্গি সংসঠন আরএসও’র সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে শফিউল্লাহ ও সালামত উল্লাহর বিরুদ্ধে।

ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ  কে এম  ইমরুল কায়েশ গত ২৭ জানুয়ারি তাদের জামিন দেন। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার।

জঙ্গি সন্দেহে গত ২৩ নভেম্বর চট্টগ্রামের একটি হোটেল থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ঢাকার লালবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

লালবাগ থানার ওই মামলার এজাহারে তাদের নাম নেই উল্লেখ করে জামিন আবেদন করেছিলেন আসামিদের আইনজীবীরা। সেই তথ্যের ভিত্তিতেই তাদের জামিন দেন বিচারক।

কিন্তু মামলা ও জামিননামার অনুলিপি হাতে আসার পর দেখা যায়, মামলার এজাহারে নাশকতা ও জঙ্গি তৎপরতায় অর্থের যোগানদাতা হিসাবে ওই পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১ ডিসেম্বর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার পূর্ব পাশে ‘ব্যাচেলার ব্যারাকের’ পশ্চিমপাশের সীমানা সংলগ্ন দেয়ালের ফুটপাত থেকে বিস্ফোরক দ্রব্যসহ মো. নূর হোসেন ওরফে রফিকুল ইসলামসহ (২৬),  ইয়াসির আরাফাত (২২) ও মো. ওমর নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। নূর হোসেন মিয়ানমারের আকিয়াব জেলার আরাকান থানার দানেসপাড়ার বাসিন্দা।

সে সময় তিনজন পালিয়ে যায় বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।

এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস এম রাইসুল ইসলাম।

এজাহারে বলা হয়, গ্রেপ্তার নূর হোসেনের ডান হাতে থাকা শপিংব্যাগের ভেতরে খবরের কাগজে মোড়ানো পাঁচটি ডেটোনেটর, জেল জাতীয় বিস্ফোরক পদার্থ এবং আরাফাতের ডান হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় বিস্ফোরক পদার্থ পাওয়া যায়।

“জিজ্ঞাসাবাদে নূর হোসেন ও আরাফাত জানায় যে, মোহাম্মদ আলম, আব্দুল মজিদ, মো. সালামত উল্লাহ, মোহাম্মদ কবির ওরফে আমিন, মো. শফিউল্লাহ, খালেদ, মো. সাদিক হোসেন সিয়াম ও আমজাদ তাদের অর্থের যোগানদাতা। অর্থের এই যোগানদাতাদের ঠিকানা চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বলে বিস্ফোরকসহ হাতে নাতে গ্রেপ্তার আসামিরা জানায়।

“তারা সবাই আন্তর্জাতিক ইসলামী উগ্রপন্থী সংগঠনের সহায়তায় বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে গ্রেপ্তাররা জানিয়েছে। তারা আরএসও, জিআরসি, এআরইউ ও ইসলামী জঙ্গি সংগঠনের সদস্য।”

ভারতের  বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় এই আসামিদের সংশ্লিষ্টতা রয়েছে বলেও মামলা বলা হয়।

জামিনপ্রাপ্ত পাঁচজনকে গত বছরের ২ ডিসেম্বর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল কাদের মিয়া। মহানগর হাকিম আদালত তাদের রিমান্ডের আবেদন নাকচ করে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।

তাদের জামিনের প্রতিক্রিয়ায় ঢাকার আইনজীবী দুলাল মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক সময় যৌক্তিক কারণ থাকা সত্ত্বেও  সাধারণ অপরাধীদের জামিন দেন না নিম্ন আদালতের অনেক  বিচারক। সেখানে ডেটোনেটর ও বিস্ফোরকসহ গ্রেপ্তারদের অর্থের যোগানদাতাদের জামিন হওয়া খুব অস্বাভাবিক।”

আমিনুল গণী টিটো নামে আরেক আইনজীবী বলেন, “জামিন পাওয়া আসামিদের কাছ থেকে বিস্ফোরক পাওয়া না গেলেও তাদের অর্থের যোগানদাতা হিসাবে এজাহারে ও প্রাথমিক তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

“অথচ বিচারক তার জামিন আদেশে বললেন, আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেছেন এজাহারে তাদের নাম নেই। আসামিদের সন্দিগ্ধ হিসাবে গ্রেপ্তার করা হয়েছে- এ বক্তব্য যুক্তিসংগত প্রতীয়মান হওয়ায় তাদের জামিন দেওয়া গেল।”

আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বলেন, তিনি বিষয়টি জানতেন না। বিষয়টি নিয়ে  আলোচনা ওঠার পর  বৃহস্পতিবার মামলার নথি দেখেন।

“এ মামলার এজাহারে তাদের নাম ছিল সুস্পষ্টভাবে। নাশকতায় জড়িত এসব জঙ্গি জামিন পেয়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটাবে। এ ধরনের জামিন দেওয়া বিচারকের উচিৎ হয়নি।”

আসামিপক্ষের জামিন আবেদনের বিরোধিতার দায়িত্ব পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার আমিনুল ইসলামের ওপর ছিল বলে জানান তিনি।

এ বিষয়ে বক্তব্যের জন্য আমিনুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আসামিদের জামিন আবেদনের শুনানিতে অংশ নেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা কাজী নজিবুল্ল্যাহ হীরু।

তিনি বলেন, “এ মামলায় জামিন পাওয়া যুক্তিসংগত। জামিন পাওয়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট নয়। এটি রোহিঙ্গা সংক্রান্ত মামলা।  আমি আদালতে বলেছি, এদের যদি আটকাতে হয় তবে ভালো মামলা দাও। এ রকম ফালতু মামলা কেন?”

আসামিদের জামিনদার হিসেবে আছেন নজিবুল্ল্যা হীরুর সহকারী আইনজীবী ওমর ফারুক।