২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় প্রশিক্ষণ কর্মসূচিতে সার্ক দেশগুলোর পুলিশ

পরিকল্পিত অপরাধ রোধে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে রোববার ঢাকায় সার্ক দেশগুলোর পুলিশ কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘ট্রান্সন্যাশনাল ক্রাইম : সার্ক পার্সপেক্টিভ’ শীর্ষক তিন সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।

স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগমের সভাপতিত্বে এই কোর্সে আট দেশের পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তা অংশ নিচ্ছেন। বাংলাদেশ পুলিশ আয়োজিত এটি তৃতীয় প্রশিক্ষণ কোর্স।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদুল হক বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম দেশি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।

“অপরাধী এবং সন্ত্রাসীরা শুধু তাদের দেশের ভৌগলিক সীমার মধ্যে আবদ্ধ থেকেই সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে না, তাদের রয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্ক। এসব মোকাবেলা করতেই প্রয়োজন পারস্পরিক সমন্বয় এবং সহযোগিতা।”

শহীদুল হক বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতি রক্ষায় সম্মিলিতভাবে সন্ত্রাস, ধর্মীয় উগ্রবাদ, মানব পাচার, চোরাচালান, অবৈধ অস্ত্রের লেনদেন, মাদক চোরাচালান, মানি লন্ডারিংয়ের মতো অপরাধ দমনে একত্রে কাজ করার সুয়োগ রয়েছে।

বাংলাদেশের ভূমির এক ইঞ্চিও দেশের কিংবা বাইরের সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে পুলিশপ্রধান বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে।

এ ধরনের কোর্সে কর্মকর্তা পাঠানোর জন্য সার্ক দেশগুলোর সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মসূচি যত নেওয়া হবে, পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব তত বাড়বে।

সভাপতির বক্তব্যে পুলিশ স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগম বলেন, পেশাগত বিভিন্ন ইস্যুতে সহযোগিতার মনোভাব এবং পুলিশি সেবার সর্বোত্তম অনুশীলন ও চর্চায় সার্ক দেশগুলোর আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের সামর্থ্য ও দক্ষতা উন্নয়নে এ প্রশিক্ষণ কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রশিক্ষণ কোর্সে আফগানিস্তান, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ এবং ভারতের দুজন করে, নেপালের একজন এবং  বাংলাদেশের ৯ জন পুলিশ সুপার অংশ নিচ্ছেন।