সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া এবং সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ বিপ্লব আহম্মেদ বক্স (৩৫) তাড়াশ উপজেলার খোলাবাড়ীয়া গ্রামের ফজর আলীর ছেলে। তিনি তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
আহতদের মধ্যে রোজী খাতুন (৫০) ও পলাশসহ অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া শ্রীকোলায় বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বিপ্লব আহম্মেদ নিহত এবং আহত হন অপর আরোহী নজরুল ইসলাম। তাকে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিলন্দায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন দুটিকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাবিবুল।
