২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা শহীদদের জন্য মিলাদ পড়বেন খালেদা

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে না গিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনায় গুলশানে নিজের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করছেন সরকারবিরোধী আন্দোলনে থাকা খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 02:32 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শনিবার বিকালে এই দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন অংশ নেবেন বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।

দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে গুলশান কার্যালয়ে বাদ আসর মিলাদ মাহফিল হবে। সেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।”

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে। এরপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়ই ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়।

প্রতিবছরই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গর্ব আর শোকের এই দিনটি পালন করা হলেও দিনের মূল কর্মসূচি থাকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো।

শনিবারও একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষে শহীদ মিনার সবার জন্য খুলে দেয়ার পর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণে নামে মানুষের ঢল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও গত প্রায় সাড়ে তিন দশক ধরে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তবে এবার শহীদ মিনারে যাননি তিনি। লাগাতার অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়া বিএনপি জোটের কোনো দল বা নেতাকেও প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি।

সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে শহীদ বেদীতে ফুল দেন দলের নেতাকর্মীরা।

‘পারিপার্শ্বিক অবস্থা ও নিরাপত্তাজনিত’ কারণে খালেদা জিয়া এবার শহীদ মিনারে যাননি বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।

এদিকে জাতীয় শহীদ দিবস উপলক্ষে সকাল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উত্তোলন করা হয়েছে শোকের কালো পতাকা।

গত ৩ জানুয়ারি থেকে এই কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। তখন থেকেই দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ বেশ কয়েকজন নেতাও তার সঙ্গে আছেন।

গত ১৭ ফেব্রুয়ারি ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গেলে ওই কার্যালয়ে যান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর তিনিও আর সেখান থেকে বেরোননি।

এদিকে শনিবারও পুলিশি বাধায় খালেদা জিয়ার জন্য আনা খাবার ওই কার্যালয়ে দিতে পারেননি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটি দল। এক পর্যায়ে রাস্তার উপর খাবার রেখে চলে যান তারা।

খালেদা জিয়ার জন্য ভাত-মাছ-মাংস, পানি, কলা ও জুস এনেছিলেন তারা।

বেলা সোয়া ১২টার দিকে অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার রেজাউর রহমানের নেতৃত্বে কয়েকজন পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের ৮৬ নম্বর সড়কের উত্তর দিকের মোড়ে পৌঁছালে তাদের পথ আটকায় পুলিশ।

এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রেজাউর রহমান সাংবাদিকদের বলেন, “এটা দুঃখজনক- আমরা আমাদের সাবেক সেনা প্রধানের স্ত্রীর জন্য মানবিক কারণে কিছু খাবার নিয়ে এসেছিলাম, তা সেখানে নিতেও দিচ্ছে না পুলিশ। এমনকি সেগুলো পৌঁছে দিতেও চাচ্ছে না তারা।

“এ থেকে বোঝা যায়, পরিস্থিতি এখানে স্বাভাবিক নয়। আমরা গণমাধ্যমে শুনেছিলাম, বেগম জিয়ার কার্যালয়ে খাবার যাচ্ছে না। তা আজ প্রত্যক্ষ করলাম।”

রেজাউরের সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সাবেক স্কোয়াড্রন লিডার এম ওয়াহিদ উন নবী, টুকু জামিল, মুহাম্মদ তারেক, সাবেক মেজর জামালি হায়দার প্রমুখ ছিলেন।

পুরনো খবর:

খালেদা যাননি, ইনামের নেতৃত্বে শহীদ মিনারে বিএনপির ফুল