গাইবান্ধায় ট্রাক্টরচাপায় শিশু নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সার বোঝাই ট্রাক্টরচাপায় এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের শোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খুকু মনি (৯) উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে।
গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে খুকু মনি তার মামা উজ্জ্বল মিয়ার সঙ্গে কোচাশহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল।
এক পর্যায়ে খুকু মনি দৌড়ে শোলাগাড়ী এলাকার রাস্তা পার হতে গিয়ে সার বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পরপর ট্রাক্টরটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
