মামাতো ভাইয়ের হয়ে পরীক্ষা দিতে এসে কারাগারে
চট্টগ্রামে মামাতো ভাইয়ের হয়ে দাখিল পরীক্ষা দিতে এসে জেল-জরিমানা গুণতে হচ্ছে এক যুবককে।
শুক্রবার দুপুরে নগরীর গণি বেকারি মোড়ে দারুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ওমর ফারুক (২৩) নামে ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।
পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুনের ভ্রাম্যমাণ আাদলত তাকে দেড় বছরের কারাদণ্ড দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফারুককে কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারলে তাকে আরও তিন মাস জেল খাটতে হবে।
আছিয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওমর ফারুক তার মামাতো ভাই বায়েজিদের পরিচয় দিয়ে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা দিতে বসেছিল।”
কিন্তু রেজিস্ট্রেশন কার্ডের ছবির সঙ্গে চেহারা না মেলায় তাকে আটক করা হয়। দোষ স্বীকারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারে শাস্তি দেওয়া হয় বলে জানান তিনি।
