২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জমি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, আহত হন আরও চারজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 10:16 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বৃহস্পতিবার বিকেল ৫টায় কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু  মিয়া (২৮) জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

ওই গ্রামের বাসিন্দা আবু বকর বলেন, গ্রামের তাইজুদ্দিন মাস্টার ও আন্নাছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আট বিঘা জমি নিয়ে বিরোধ চলছে। উভয়পক্ষ জমির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় তাইজুদ্দিন মাস্টার ১০/১২ জন সহযোগী নিয়ে ওই জমিতে কাটা তারের বেড়া নির্মাণ করতে যান। খবর পেয়ে আন্নাছ মিয়া ও তার লোকজন তাদের বাধা দিলে এক পর্যায়ে দুপক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে বাচ্চুসহ পাঁচজন আহত হন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আরিফুর রহমান বলেন, আহতদের হাসপাতালে আনার পর পরই বাচ্চু মিয়া মারা যান। তার মাথায় রক্তাক্ত জখম ছিল।

গুরুতর আহত আন্নাছ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শ্রীপুর মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, “সংঘর্ষে নিহত হওয়া বিষয়ে কোনো অভিযোগ এখনও পাইনি। পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”