২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কী হবে লিখে, আগুন থামাতে পারবেন?’

পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খেতে দ্রুত ফিরতে বাসে উঠেছিলেন সুভাষ সোম, নাশকতার পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে এখন জীবনের শঙ্কায় তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 08:51 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বাসায় ফিরতে বুধবার রাতে সুভাষ (৬৫) বাসে উঠেছিলেন, টাইগার পাসে ওই বাসে পেট্রোল বোমা ছোড়া হলে দগ্ধ হন তিনি।

আগুনে সুভাষের শরীরের ২৫ শতাংশ পুড়েছে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের মধ্যে এই নাশকতায় সুভাষসহ তিনজন অগ্নিদগ্ধ হন। অন্য দুজন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রামে।

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের বাসিন্দা সুভাষ সোম তিন সন্তানের জনক। স্ত্রী, দুই মেয়ের পরিবারসহ একসঙ্গে থাকতেন আগ্রাবাদের মিস্ত্রি পাড়ার একটি ভাড়া বাসায়।

বড় মেয়ে কণিকা সোম হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা রেয়াজউদ্দিন বাজারের মাগুরা আড়ত নামের একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

“রাতে কাজ শেষ করে ফোনে বলেছিলেন বাসায় ফিরে একসঙ্গে রাতের খাবার খাবেন।”

কথা বলার এক পর্যায়ে ক্ষোভের সঙ্গে কণিকা বলেন, “কী হবে আমাদের এসব কাহিনী লিখে? এসব লিখে কি আপনারা পেরেছেন এ তাণ্ডব থামাতে?”

গত ৫ জানুয়ারি থেকে অবরোধ-হরতালে নাশকতায় এই পর্যন্ত প্রায় একশ’ মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে অর্ধ শতাধিকের মৃত্যু হয়েছে পেট্রোল বোমা কিংবা গাড়িতে আগুনে দগ্ধ হয়ে।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার স্বরুপ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ‍জানান, সুভাষ সোমের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরেকজন রাঙ্গুনিয়ার চন্দ্রঘোণায় পেট্রোল বোমায় দগ্ধ ট্রাকচালকের সহকারী বৃদ্ধ দুলাল মাঝি (৫৮)।

চন্দ্রঘোণা এলাকার উত্তর বনগ্রামের এই পরিবহন শ্রমিক আট সদস্যের পরিবারের একমাত্র ভরসা ছিলেন।

ছয় কন্যা এক সন্তানের মধ্যে দুই কন্যাকে বিয়ে দিয়েছেন। তার মধ্যে স্বামী পরিত্যক্তা বড় মেয়ে, দুই নাতিসহ মোট আট সদস্যের পরিবার নির্ভরশীল ছিল তার ওপর।

বড় মেয়ে রেজিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল-অবরোধে সংসার অভাব-অনটন বাড়ছিল। বাধ্য হয়ে ট্রাকে উঠেছিলেন বাবা।

“এখন আমরা কোথায় যাব, কী করব, কিভাবে চিকিৎসা ব্যয় মেটাব?” এরকম শত প্রশ্নের ভিড়ে অনিশ্চয়তায় হাবুডুবু খাচ্ছে রেজিয়া।

একই ঘটনায় দগ্ধ ট্রাকচালকের আরেক সহকারী সেলিমের তিন মেয়ে ও এক ছেলে। স্বামীর শিয়রে দাঁড়িয়ে থাকা স্ত্রী স্বপ্না বেগমের চেহারায় ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তার ছায়া।

স্বপ্না বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড় মেয়ের বিয়ে দিয়েছেন অনেক ধার-দেনা করে। বিয়ের উপযুক্ত আরও দুটি মেয়ে আছে তাদের।

“তাদের বিয়ের জন্য কিছু সঞ্চয় ছিল। এখন সেই সঞ্চয় দিয়ে চিকিৎসার খরচ মেটাতে পারব কি না, দুশ্চিন্তায় আছি। তারপর চলব কিভাবে সেই চিন্তাও আছে।”

স্বরুপ চক্রবর্তী জানান, দুলাল মাঝির শরীরের ২০ শতাংশ আর সেলিমের প্রায় ১৫ শতাংশ পুড়েছে। তাদের দুজনেরই হাতে বুকে, ঘাড়ে ও মুখে পোড়ার ক্ষত রয়েছে।