২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমায় দগ্ধ হোসেন মিয়াকে বাঁচানো গেল না

ফেনীর লালপোলে কভার্ড ভ্যানে অবরোধ সমর্থকদের পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দিনমজুর হোসেন মিয়া  (৪৮)।

নিজস্ব প্রতিবেদক

ও ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 02:33 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয় বলে ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান।

তিনি জানান, হোসেন মিয়ার শরীর ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, গত ১৫ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় দুর্বৃত্তরা একটি কভার্ডভ্যানে পেট্রোল বোমা ছুড়লে ভ্যানে আগুন ধরে যায়।

এতে ভ্যানে চালকের পাশে থাকা হোসেন মিয়া দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহতের ভাতিজী শিমু জানান, হোসেন মিয়া লক্ষ্মীপুর জেলার রামগতির চর মাটিন এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে। মাস পাঁচেক আগে মেঘনা নদীর ভাঙ্গনে হোসেন মিয়া ঘরবাড়ি হারান।

এরপর সরকারি জমিতে ছাপড়া ঘর তুলে স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে সেখানেই থাকছিলেন তিনি।

পেশায় দিনমজুর হোসেন মিয়া কাজের সন্ধানে লক্ষ্মীপুর থেকে ওই কভার্ড ভ্যানে করে চট্রগ্রামে যাওয়ার পথে অবরোধকারীদের হামলার শিকার হন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, কভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলার পর গত সোমবার ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোতালেব একটি মামলা দায়ের করেন।

এজাহারে পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন মামুন, জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিকসহ ৩৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

প্রথমে নাশকতার মামলা হলেও হোসেন মিয়ার মৃত্যুতে এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে পরিদর্শক শাহীনুজ্জামান জানান।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের টানা অবরোধে প্রায় প্রতিদিনই নাশকতার ঘটনা ঘটছে। সরকারি ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত পেট্রোল বোমা ও ককটেল হামলায় নিহত হয়েছেন ৫৫ জন, আহত হয়েছেন আরও অন্তত ৫৫৬ জন।

পুরনো খবর:

ফেনীতে কভার্ডভ্যানে বোমা হামলায় দগ্ধ ১