ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বোমাসহ যুবক আটক
ফেনী সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৬টি হাতবোমাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
ফেনীর এএসপি (সদর সার্কেল) সামছুল আলম সরকার জানান, মঙ্গলবার মধ্যরাতে দুলামিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক শাহাদাত হোসেন জহির (২৪) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছড় এলাকার অলি আহম্মদের ছেলে।
"রাতে মহাসড়কে নাশকতার কাজে এই হাতবোমাগুলো ব্যবহার করা হতো। এক ব্যক্তি ২০০ টাকার বিনিময়ে ব্যাগটি মহাসড়কের একপার থেকে অপর পারে পৌঁছে দেওয়ার জন্য তাকে দেয় বলে জিজ্ঞাসাবাদে জহির পুলিশকে জানিয়েছে।"
এ ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এএসপি সামছুল আলম।
