২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ যুবদল নেতা গ্রেপ্তার, অস্ত্র ও হাতবোমা উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একাধিক মামলার আসামি দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 07:10 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

এরা হলেন- মোহাম্মদ আলী (৩৪) ও মামুনুর রেজা ওরফে বুলেট মামুন (২৯)।

মঙ্গলবার দুপুরে উপজেলার সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি ইমতিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সলিমপুর সিডিএ আবাসিক এলাকা থেকে আলী ও মামুনকে গ্রেপ্তার করা হয়।

“এদের মধ্যে আলীর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ মোট ২৪টি এবং মামুনের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা আছে। এই দুজন ২০১৩ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় একাধিক মামলার আসামি।”

ওসি ইমতিয়াজ বলেন, গ্রেপ্তার দুজনকে নিয়ে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে দুটি এলজি, চার রাউন্ড গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। তারা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।