২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের আমিন মোহাম্মদ সিটিতে স্থিতাবস্থা

ঢাকা মাওয়া মহাসড়কের পাশে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলায় আমিন মোহাম্মদ সিটির অবস্থান ও স্বত্ত্বে স্থিতাবস্থা জারির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 05:25 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ ছয় মাসের জন্য এই স্থিতাবস্থার আদেশ দেয়।

রিটকারীর আইনজীবী শাহরিয়া হোসেন বিপ্লব সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে আমিন মোহাম্মদ কর্তৃপক্ষ ওই প্রকল্পের প্লট বা ভূমি বা ইমারত বিক্রি করতে পারবে না। বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে পারবে না। ভূমি উন্নয়নসহ কোনো কাজ করতে পারবে না। যেমন আছে, তেমনই থাকবে।

আল মুসলিম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহর করা এক রিট আবেদনে এই আদেশ আসে। আমিন মোহাম্মদের ওই প্রকল্পের কিছু অংশ নিজেদের বলে দাবি করে আসছে আল মুসলিম।

আদালতের আদেশে উভয়পক্ষকেই স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।

পরিবেশগত প্রভাব মূল্যায়ণ করে দেওয়া ‘অযৌক্তিক অনুমোদন’ বাতিলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও দিয়েছে আদালত।

ভূমি সচিব, বন ও পরিবেশ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, ঢাকা সার্কেলের পরিচালক, পরিবেশগত ছাড়পত্র কমিটির সদস্য সচিব, মুন্সীগঞ্জের সহকারী পরিচালক, সিরাজদি খানের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার সহকারী কমিশনার, থানার ওসি, আমিন মোহাম্মদ সিটি, এর ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী ব্যবস্থাপনা পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক; সঙ্গে ছিলেন শাহরিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।

শাহরিয়া হোসেন বলেন, ২০১৪ সালের ৮ জুলাই পরিবেশ অধিদপ্তর  আমিন মোহাম্মদ সিটিকে ওই প্রকল্পের অনুমোদন দেয়।

সেখানে ১১৫ দশমিক ৬৬ একর ভূমির জন্য ওই ছাড়পত্র দেওয়া হলেও পরে রিটকারীর আপত্তিতে ১৫ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর ওই ভূমির পরিমাণ কমিয়ে ৮৪ দশমিক ০৪২৯ একর করে।

শাহরিয়া বলেন, ন্যাশনাল সার্ভে অর্গানাইজেশনের সমীক্ষা অনুসারে সেখানে আল মুসলিম বিল্ডার্সের জমির পরিমাণ ৩০ দশমিক ৯১১ একর।

“বেসরকারি আবাসিক প্রকল্প ভূমি উন্নয়ন বিধিমালার ৭(১) বিধিতে বলা হয়েছে, প্রকল্পের উদ্যোক্তাকে সাফ কবলা দলিলমূলে ৭০ ভাগ জমির মালিক হতে হবে। এটা আমিন মোহাম্মদের লে আউটের ৩২ দশমিক ৬৬ শতাংশ। এটা বিধির লঙ্ঘণ।”

এছাড়া প্রকল্পের পরিবেশগত অনুমোদনের আগে কোনো প্লট বা ভূমি বা ইমারত বিক্রি বা বরাদ্দের জন্য বিজ্ঞাপন প্রচার বা প্রকাশ করা যায় না। অনুমোদনের আগে ক্রেতার সঙ্গে কোনো চুক্তিও করা যায় না।

এই বিধি ভেঙে বিজ্ঞাপন প্রকাশ করায় দুই দফায় আমিন মোহাম্মদকে জরিমানা করা হয় বলে এই আইনজীবী জানান।