২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঝিনাইদহ সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 09:11 AM

Updated : 25 Apr 2022, 01:02 PM

নিহত রফিক ওরফে ‘ছোট তারেক’ (৪০) সদর উপজেলার বিষয়খালী গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি চরমপন্থি দলের সদস্য বলে র‌্যাব কর্মকর্তারা বলছেন।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার চুটলিয়া গ্রামে একটি মেহগনি বাগানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

তিনি সাংবাদিকদের বলেন, “ওই গ্রামে নান্নু মিয়ার মেহগনি বাগানে একদল চরমপন্থির বৈঠকের খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এক পর্যায়ে অন্যরা চলে গেলে গুলিবিদ্ধ একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।”

পরে স্থানীয়রা এসে রফিকের লাশ সনাক্ত করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা ফয়সাল।

রফিক বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে স্থানীয়দের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন তিনি।

ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, দুটি শাটারগান, ১০টি গুলি ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।