ডিসপ্লেতে পাকিস্তান: সমালোচনায় ইবিএল
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এর বনানী শাখায় পাকিস্তানের জাতীয় পতাকা ও জার্সি ডিসপ্লে করার একটি ছবি ফেইসবুকে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আরিফ জেবতিকের শেয়ার করা এ ছবিটি এখন ঘুরছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
নিজের ফেইসবুক পাতায় ছবিটি শেয়ার করে আরিফ জেবতিক লিখেছেন, “যখন নিজেদের দেশ বাংলাদেশ বিশ্বকাপে ক্রিকেট খেলছে, তখন বেসরকারি ব্যাংক ইবিএল কীভাবে একটি ভিন দেশের প্রতি সমর্থন করে এসব তাদের শাখা অফিসে ডিসপ্লে করে? খাইবা বাংলাদেশে, আর স্বপ্ন দেখবা পাকিস্তানের? গো ব্যাক টু পাকিস্তান ইয়্যু ব্লাডি হেল-ইবিএল।”
পোস্টটিতে ইবিএলকে হ্যাশট্যাগের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।
শীতল মাকসুদ নামে একজন ফেইসবুকে লিখেছেন, “লুকিয়ে আছে ইষ্ট পাকিস্তান, ইষ্টার্ণ ওয়ার্ডর অন্তরে। ইষ্টার্ণ (ইষ্ট পাকিস্তান) ব্যাংক লিমিটেড।”
শাহেদ পারভেজ চৌধুরী লিখেছেন, “আমি বাকরুদ্ধ। মানুষ কেন এটার প্রতিবাদ জানাচ্ছে না?”
ওসমান গনী নামে একজন লিখছেন, “সকল পাকিস্তানি দালাল, রাজাকার ও দালাল-প্রতিষ্ঠানকে ঘৃণা, বর্জন ও প্রতিরোধ করুন। ইবিএল- নামক দালাল ব্যাংককে পরিহার করুন। বাংলাদেশে ব্যবসা করে পাকিস্তানের কীর্তন গাওয়া বেঈমানীর লক্ষণ।”
তবে বুলবুল আহমেদ নামে একজন লিখেছেন, এক্ষেত্রে কিছুটা বোঝার ভুল হচ্ছে।
“ধরেন এটা ইবিএল এর মতিঝিল ব্রাঞ্চ এর ছবি, এখানে পাকিস্তান দলকে রাখা হয়েছে। আপনি যদি গুলশানে যান, তাহলে সেখানে দেখবেন বাংলাদেশ দলকে রাখা হয়েছে। আবার যদি ধানমন্ডি যান, তাহলে দেখবেন ভারত দলকে রাখা হয়েছে। এভাবে সবগুলো দলকেই ইবিএল কোনো না কোনো শাখায় রেখেছে।”
ইবিএল তাদের ভিন্ন ভিন্ন শাখায় ভিন্ন ভিন্ন দেশের পতাকা ও জার্সি ডিসপ্লে করছে বলেও অনেকে লিখেছেন।
শান্ত রহমান নামে একজন লিখেছেন, “একজন পর্যবেক্ষকের চোখে কিছু ধরা পড়েছে। যে কোনো মানুষের চোখেই এটা পড়বে। ইবিএল এর নির্বুদ্ধিতা, সবাই কি ভাবে জানবে যে তারা ১৬টি শাখায় ১৬ দেশকে ডিসপ্লে করেছে! মিসলিডিং আইডিয়া!”
ইশরাত জাহান নামে একজন লিখেছেন, “বাংলাদেশ থেকে অফিসিয়ালি একটা দেশকেই সমর্থন করা যাবে আর এটা হলো বাংলাদেশ। এখানে কোনো কিন্তু, বা, এবং গ্রহণযোগ্য নয়।”
