২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৮১ হাজার ইয়াবা উদ্ধার, শিশু আটক

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৮১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও এক শিশুকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 07:35 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সোমবার বিকাল ৪টার দিকে টেকনাফের জালিয়ার দ্বীপ এলাকার নাফ নদী থেকে ৮০ হাজার ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী একটি মিনিবাসে তল্লাশি চালিয়ে এক হাজার ১৮৩টি ইয়াবাসহ এক শিশুকে আটক করা হয়।

টেকনাফে বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনা দুটি নিশ্চিত করেছেন।

আটক মেয়েটির (১৩, পরিচয় প্রকাশ করা হলো না) বাড়ি ঢাকার দোহার উপজেলার মোর্শেদপুরের রুদ্রপাড়া এলাকায়।

লে. কর্নেল জাহিদ জানান, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নাফ নদীতে নিয়মিত টইল দেওয়ার সময় একটি ট্রলার দমদমিয়ার দিকে আসতে দেখে থামার নির্দেশ দেন। এ সময় চালক ট্রলারটি ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে সেটি তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।

তিনি জানান, এর আগে সকাল ১০টার দিকে টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মিনিবাসে তল্লাশি চালিয়ে এক হাজার ১৮৩টি ইয়াবাসহ মেয়েটিকে আটক করা হয় বলে জানান তিনি।